ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী বছর বাংলাদেশে খেলতে আসবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ১৪ ডিসেম্বর ২০২১
আগামী বছর বাংলাদেশে খেলতে আসবে আফগানিস্তান
ফাইল ছবি

আগামী বছরের জন্য নিজেদের সফরসূচি চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সূচী অনুযায়ী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসবে রশিদ খান-মোহাম্মদ নবীরা।

সূচি অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। এই সফরে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা। যেখানে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এছাড়া দুটি টি-২০ ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও জানানো হয়েছে, ফেব্রুয়ারি-মার্চে সিরিজটি মাঠে গড়াবে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পরে দ্বিপাক্ষিক এই সিরিজটি শুরু হবে।

Advertisement

২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান। চলতি বছর মার্চ মাস থেকে এখন পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি তারা।

২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আফগানিস্তানের নতুন মৌসুমের যাত্রা। সিরিজটি আফগানিস্তানের হোম সিরিজ হিসেবে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ সফরে আসবে আফগানরা।

বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-২০ খেলে জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে যাবে তারা। এরপর আবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-২০, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট খেলে বছরের ইতি টানবে আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!