ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাগুয়েরোর উদ্দেশ্যে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ১৬ ডিসেম্বর ২০২১
অ্যাগুয়েরোর উদ্দেশ্যে মেসির আবেগঘন বার্তা
লিওনেল মেসি ও সার্জিও অ্যাগুয়েরো

বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলে আসছেন লিওনেল মেসি ও সার্জিও অ্যাগুয়েরো। সময় গড়িয়েছে, দুজনের বন্ধুত্ব হয়েছে আরো শক্ত। শারীরিক অসুস্থতার কারণে তাই স্বাভাবিকভাবেই অ্যাগুয়েরোর অবসরের সিদ্ধান্ত মেসিকে নাড়া দিয়েছে। প্রিয় বন্ধুকে শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই ফুটবল মহাতারকা।

ন্যু ক্যাম্পে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সবধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন অ্যাগুয়েরো। হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগের কারণে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল থেকে একসঙ্গে খেলছেন মেসি ও অ্যাগুয়েরো। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে আর্জেন্টিনা সোনার পদক জয়ী দলের সদস্য ছিলেন তারা। এমনকি চলতি বছর হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর অভিযানেও একসঙ্গে মাঠ মাতান তারা।

Advertisement

অ্যাগুয়েরোর অবসরের ঘোষণার পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে প্রিয় বন্ধুর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করেছেন মেসি। সাবেক ম্যানচেস্টার সিটি তারকার এভাবে আগেভাগেই ফুটবল থেকে বিদায়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। মেসি যা লিখেছেন তা নিম্নে তুলে ধরা হলো:

প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন (সার্জিও অ্যাগুয়েরো)... আমাদের অসাধারণ কিছু মুহূর্ত আছে এবং আরো কিছু মুহূর্ত অতটা দারুণ না হলেও সময়গুলো আমাদের আরো ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।

মাত্র কয়েক মাস আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো... এবং সত্যিটা এই যে, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই আজ বন্ধ করতে হলো তা দেখে অনেক কষ্ট লাগছে।

আমি নিশ্চিত যে তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে।

জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা! আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার সঙ্গে মাঠে এবং জাতীয় দলে কাটানো সময়টা অনেক মিস করব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!