আবারও সাসেক্সে রশিদ
২০২২ টি-২০ ব্লাস্টের জন্য কাউন্টি ক্লাব সাসেক্সের সঙ্গে আবারো চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।
এ নিয়ে চতুর্থবারের মত সাসেক্সের হয়ে টি-২০ ব্লাস্টে খেলবেন রশিদ। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে সাসেক্সের হয়ে খেলেছেন তিনি।
২০২২ সালের ২৫ মে থেকে শুরু হবে টি-২০ ব্লাস্ট। ফাইনাল হবে ১৬ জুলাই। তবে আসরের শুরুর দিকে বেশ কিছু ম্যাচে দেখা যাবে না রশিদকে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।
.png)
রশিদকে দলে পেয়ে খুশি সাসেক্সের প্রধান কোচ জেমস ক্রিটলি বলেন, রশিদ দারুন একজন খেলোয়াড়। গত আসরে টুর্নামেন্টে তার প্রভাব ছিল স্পষ্ট। এই ফরম্যাটের জন্য সেরা ক্রিকেটার এবং তাকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।
২০১৮ সালে সাসেক্সে অভিষেকের পর ২৩ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন রশিদ। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ১৪৩ দশমিক ৯৭।
পাকিস্তান সুপার লিগের কারণে এ বছর ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন রশিদ। টি-২০ ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ২৯২ ম্যাচে ৪০৩ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই লেগস্পিনার।