ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ হল এরিকসেনের ‘ইন্টার’ পর্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১৮ ডিসেম্বর ২০২১
শেষ হল এরিকসেনের ‘ইন্টার’ পর্ব
ক্রিস্টিয়ান এরিকসেন

আগে থেকেই সবকিছু একরকম নিশ্চিত ছিল। এবার শেষ হলো আনুষ্ঠানিকতাও। ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে ছেড়ে দিয়েছে সিরি আ-র দল ইন্টার মিলান।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এরিকসেনের সঙ্গে চুক্তি ভাঙার বিষয়টি জানায় ইন্টার।

গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচের প্রথমার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন এরিকসেন। সে সময় মাঠেই তাকে সিপিআর দিতে হয়। দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে নেয়া হয় হাসপাতালে।

Advertisement

এরপর এরিকসেনের শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। এটি মূলত একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস, যা পেসমেকারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।

পরবর্তীতে সুস্থ হয়ে টুকটাক অনুশীলন শুরু করেন এরিকসেন। গত আগস্টে ক্লাব ইন্টারেও ফেরেন তিনি। কিন্তু তখনই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, শরীরে ইলেকট্রনিক ডিভাইস থাকায় ইতালিতে খেলতে পারবেন না তিনি।

মূলত এ কারণেই পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছেড়ে দিল ইন্টার। ২০২০ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেওয়া এরিকসেনকে বিদায়বেলায় ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়েছে ইন্টার কর্তৃপক্ষ।

বিবৃতিতে ইন্টার লিখেছে, আমাদের লিগ শিরোপা জয়ের অভিযানে এরিকসেন ছিল গুরুত্বপূর্ণ অস্ত্র। এই দলীয় সাফল্যে তিনি তার ফুটবল দর্শন, জ্ঞান, পাসিং, অ্যাসিস্ট এবং খুব গুরুত্বপূর্ণ কিছু গোল দিয়ে ভূমিকা রেখেছে।

এই মাসের শুরুতে এরিকসেন তার শৈশবের ক্লাব ডেনমার্কের ওডেনসে বোল্ড ক্লাবে অনুশীলন মাঠে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!