গত ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১০ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছে শুরু হয় কোয়ারেন্টাইন। সেই হিসেবে কোয়ারেন্টাইন শেষে এক সপ্তাহের মাথায় অনুশীলন শুরু হয়।
কিন্তু ২ দিন অনুশীলনের পর পুরো দলকে আবারো আইসোলেশনে পাঠানো হয়। এর মাঝে করোনা পজিটিভ হওয়ায় টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অধিনায়ক মুমিনুল হকসহ ৪ ক্রিকেটারের কোয়ারেন্টাইন বর্ধিত করা হলেও নিউজিল্যান্ড সরকারের নির্দেশনায় পুরো দলই অনুশীলনের অনুমতি হারায়।
.png)
এমতাবস্থায় নিউজিল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা দেখা দেয়। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরতে পারে। সংকট নিরসনে এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ (১৮ ডিসেম্বর) আলোচনায় বসে।
বোর্ডের জরুরী সভা শেষে নিউজিল্যান্ড সিরিজের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মুমিনুল-মুশফিকরা তাই সিরিজ সম্পন্ন করে তবেই দেশে ফিরবেন। অন্যদিকে টাইগাররা নিউজিল্যান্ড সরকারের নিয়ম মেনে আগামী ২১ তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানানো হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় ক্রিকেটারদের অনেকে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু পাপনের ভাষায়, ‘এই মুহূর্তে সিরিজ সম্পন্ন না করার কোনো সুযোগ নেই।’