টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। পেসারদের মাঝে তো তিনিই শীর্ষে। ৩১ বার ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন এই পেসার। এবার ব্যাটার হিসেবেও অন্যরকম এক কৃতিত্ব গড়েছেন জিমি।
শনিবার ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জেমস অ্যান্ডারসন। এর মাধ্যমে আন্তর্জাতিক টেস্টে প্রথম ব্যাটার হিসেবে ব্যাট করতে নেমে শততমবার অপরাজিত থাকেন তিনি। ১৬৭টি টেস্টের ২৩৪টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নামেন অ্যান্ডারসন। যার মধ্যে গতকালের নট আউট থাকা ছিল ১০০তম।
.png)
এটি অ্যান্ডারসনের এমন এক রেকর্ড যার ধারে কাছে কেউ নেই। ক্যারিবীয় কিংবদন্তি ওয়ালশ এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি টেস্টে মোট ৬১ বার অপরাজিত ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। তিনি টেস্টে মোট ৫৬টি ইনিংসে অপরাজিত ছিলেন।
টেস্ট ফরম্যাটে ব্যাট করতে নেমে অর্ধশতাধিকবার অপরাজিত থাকার রেকর্ড আছে আর মাত্র দুজনের। তারা হলেন ইংল্যান্ডের বব উইলস (৫৫ বার) ও নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন (৫২ বার)।