ইংল্যান্ডকে ফের বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া
চলমান অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে পাত্তাই দিচ্ছেনা স্বগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়তে পারেনি সফরকারীরা। অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে কাই রিচার্ডসন এবং মিচেল স্টার্কদের বোলিং তোপে ২৭৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলের খেলায় ৪ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছিল ইংলিশরা। মঙ্গলবার পঞ্চম দিনের খেলায় আবারও ব্যাট করতে নামে সফরকারীরা। তবে ব্যাট হাতে দিনের শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত ১২ রানে বেন স্টোকস এবং মাত্র ৪ রানে আউট হন ওলে পপ।
অবশ্য সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার ও ক্রিস ওকস। কিন্তু হার ঠেকানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। ৬১ রানের জুটি গড়ার পর ৯৭ বলে ব্যক্তিগত ৪৪ রানে রিচার্ডসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওকস। এছাড়া ৮ রানে ওলে রবিনসন এবং ২৬ রানে হিট আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। আর জেমস অ্যান্ডারসন ফেরেন ব্যক্তিগত ২ রানে। এদিকে ৯ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড।
.png)
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন কাই রিচার্ডসন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক এবং নাথান লায়ন।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মার্নাস লাবুশানের সেঞ্চুরি এবং তিন ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৩৬ রানে থামে ইংলিশরা। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে জোড়া ফিফটিতে ২৩০ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।