লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকেই স্ট্রাইকার সংকটে ভুগছে বার্সেলোনা। ক্লাবটার সমস্যাটা অর্থনৈতিকও। স্ট্রাইকারের অভাব পূরণ করতে বার্সা আর্লিং হালান্ডের দিকে চোখ রেখেছে, খবরটা পুরোনো। তবে বার্সেলোনার যে অর্থনৈতিক অবস্থা, তাতে আদৌ ৩০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে তারা হালান্ডকে দলে ভেড়াতে পারবে কি না এমন প্রশ্ন চারদিকে।
নরওয়ের এই তারকার দিকে এরই মধ্যে ইউরোপের বড় ক্লাবগুলোর চোখ পড়েছে। তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে বায়ার্ন মিউনিখের নামও। তবে যে কারো জন্যই অপেক্ষা করবেন হালান্ড, এমনটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড তারকার এজেন্ট রাইওলা।
.png)
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইওলা বলেছেন, ‘হালান্ড বার্সেলোনার জন্য অপেক্ষা করবে কি না? সে যে কারো জন্য অপেক্ষা করবে। আমাদের কোনো দলের সঙ্গেই আগে থেকে কোনো চুক্তি হয়নি। তার জন্য সেরা বিকল্পটাকে খুঁজছি। ডর্টমুন্ডে আরেক বছর থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। সেটা এখনো সম্ভব।’
বর্তমানে বার্সেলোনার বেহাল দশার কথা প্রায় সবারই জানা। অর্থনৈতিক এই অবস্থার কারণে লিওনেল মেসির সঙ্গে তাদের ২১ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে। তবে তাদের এই অবস্থা দ্রুতই কেটে যাবে বলে মনে করেন রাইওলা। তার বিশ্বাস, সর্বোচ্চ দুই বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে তিনি বলেন, ‘বার্সেলোনা সবসময়ই বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। এমনকি তাদের এখনকার অবস্থাতেও। এক-দুই বছরের মধ্যেই তারা আবার ফিরে আসবে। তাদের বেশ কয়েকটি বড় অর্থনৈতিক চুক্তিতে যাওয়ার ক্ষমতা আছে। তাদের এক বা দুই বছর লাগবে ফিরে আসতে।’