সম্প্রতি স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁচার জন্য বেশির ভাগ মানুষকেই বাড়িঘর ছাড়তে হয়েছে। এক সূত্র অনুযায়ী প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে এসেছেন রোনালদো। তাদের সাহায্য করতে সিআর সেভেন তার স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের একটি জার্সি নিলামে তুলবেন। জার্সিটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে।
.png)
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। যে কেউ এই নিলামে অংশ নিতে পারবেন, জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ।
নিলামে ওঠা জার্সিতে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে তার হাতে লেখা একটি বার্তাও। যেখানে এই মহাতারকা লিখেছেন, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’
তবে পর্তুগালের কোন ম্যাচের জার্সি রোনালদো নিলামে তুলেছেন, তা জানা যায়নি। পর্তুগালের হয়ে রোনালদো সর্বশেষ গত মাসে খেলেছেন। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেছিল পর্তুগাল।
ওই ম্যাচে হারের কারণে সরাসরি ২০২২ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পর্তুগাল। ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন ৩৬ বছর বয়সী পর্তুগিজ তারকা। তবে নিজের চোখ অশ্রুতে ভিজলেও মানুষের অশ্রু মুছতে আবারো এগিয়ে এলেন রন।