ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজির হয়ে লাল কার্ডের খাতা খুললেন রামোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ২৩ ডিসেম্বর ২০২১
পিএসজির হয়ে লাল কার্ডের খাতা খুললেন রামোস
সার্জিও রামোস

নেইমার নেই আগে থেকেই। নিষেধাজ্ঞার কারণে লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বুধবারের ম্যাচে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও। এমন ম্যাচেই লাল কার্ডের খাতা খুলেছেন রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া সার্জিও রামোস। একজন কম নিয়ে খেলে শেষ মুহূর্তের গোলে ড্র করেছে লা পারিসিয়ানরা।

আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির গোলে গতকাল লরিয়েঁর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। 

টানা আট ম্যাচ হেরে এই ম্যাচে আসা লরিয়েঁর বিপক্ষে পিএসজি অবশ্য শুরুতে দারুণ কিছু সুযোগ সৃষ্টি করেছিল। ২৩ মিনিটে মেসির শটটা ডান পাশের বারপোস্টে লেগে ফিরে আসে। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার একটা ভলি লক্ষ্যভ্রষ্ট হয়।

Advertisement

ম্যাচের ৪০ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে পিএসজি। সেই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পচেত্তিনোর শিষ্যরা। বিরতির পর তখন পর্যন্ত ম্যাচের সবচেয়ে বড় সুযোগ আসে ডি মারিয়ার সামনে। তবে মেসির পাসটা ফাঁকায় পেয়েও গোলের দেখা পাননি তিনি।

এরপর মেসিও দুটো সুযোগ পেয়েছিলেন। প্রথমটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দ্বিতীয়টা রুখেই দিয়েছেন স্বাগতিক গোলরক্ষক। তাতে গোলের অপেক্ষা বাড়ছিল ক্রমেই। এর মাঝে ৮৬ মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি। 

শুরুর একাদশে না থাকা রামোস দ্বিতীয়ার্ধের শুরুতে নুনো মেন্দেসের বদলে মাঠে নেমেছিলেন। ৪০ মিনিট না যেতেই দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজি ডিফেন্ডারকে। 

দশ জনের দলে পরিণত হয়ে পিএসজির পরাজয়ের শঙ্কাটা তখন আরো বেশি প্রকট হয়ে উঠছিল। সে সময়ই দলটির ত্রাতা হয়ে আসেন ইকার্দি। মেসি, নেইমার, এমবাপ্পেদের ভিড়ে তেমন খেলার সুযোগই হয়ে ওঠে না তার। কাল পেলেন শুরু থেকেই। প্রতিদানটা দিলেন শেষ মুহূর্তে এসে।

যোগ করা সময়ে বাইলাইনের কাছ থেকে ক্রস করেন হাকিমি। তা থেকে দারুণ এক হেডারে গোল পান আর্জেন্টাইন এই স্ট্রাইকার। তাতেই হার এড়ায় পিএসজি। এই ড্রয়ের পরেও পিএসজি স্বাচ্ছন্দ্যেই লিগ টেবিলের শীর্ষে। ১৯ ম্যাচে ১৪ জয় আর চার ড্রয়ে দলটির সংগ্রহ ৪৬ পয়েন্ট। 

পারিসিয়ানদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে লিগ ওয়ান টেবিলের দুইয়ে আছে নিস। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মার্শেই আছে তিনে। আর লরিয়েঁ ১৯ ম্যাচ শেষে ১৬তম পয়েন্ট ঝুলিতে পুরলো। তারা আছে তালিকার ১৯ নম্বর অবস্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!