ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বক্সিং ডে টেস্ট দিয়ে সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২৫ ডিসেম্বর ২০২১
বক্সিং ডে টেস্ট দিয়ে সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা
আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা

আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর হওয়ায় টেস্টটি বক্সিং ডে হিসেবে বিবেচিত হবে।

এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথমবারের মত খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে এবারের আসরে ৭টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। তাই দু’দলেরই লক্ষ্য সিরিজে সাফল্য পাওয়া।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় ভারত-দক্ষিণ আফ্রিকা উভয়েই।  

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়মিত বক্সিং ডে টেস্টে ম্যাচ হয়। ১৯৯২ সালে প্রথম পোর্ট এলিজাবেথে হয় ‘বক্সিং ডে টেস্ট’।

পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫টি সিরিজ খেলে ২টিতে জয় পায় তারা। আর ১৩ ম্যাচে ৫ জয় ও ৮ হারে ২৬৪ পয়েন্ট পেয়েছিলো প্রোটিয়ারা।

এ বছরের জুনে সর্বশেষ টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা, যেটি ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সিরিজ। তবে টি-২০ বিশ্বকাপ থাকায় সংক্ষিপ্ত ভার্সনের দিকেই বেশি মনোযোগ ছিলো তাদের। বিশ্বকাপকে সামনে রেখে ১৬টি টি-২০ ম্যাচ খেলেছিলো তারা। এছাড়া ৩ ম্যাচের দু’টি সিরিজও খেলেছিলো প্রোটিয়ারা।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ভাগ্য সহায় না হওয়ায় সেমিফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভে দুর্দান্ত খেলার পরও রান রেটের মারপ্যাচে পড়ে সেমিতে উঠে ব্যর্থ হয় প্রোটিয়ারা। সুপার টুয়েলভে ৫ ম্যাচের ৪টিতে জয় পেয়েছিলো চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের পর গেল মাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো তাদের। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সিরিজটি বাতিল করা হয়।

এবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। কারন ঘরের মাঠে ভারতের কাছে কখনো টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ধারাটাই অব্যাহত রাখতে চায় প্রোটিয়ারা। এমনটাই বললেন দলের অধিনায়ক ডিন এলগার।

এলগার বলেন, ‘ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের রেকর্ড ভালো। আশা করি, এটি ধরে রাখতে পারবো। ভারত শক্তিশালী দল। সাফল্য পেতে আমাদের ভালো খেলতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম খেলতে নামছি, এই আসরে ভালো করতে হবে। গত আসরে আমরা ভালো করতে পারিনি।’

টি-২০ বিশ্বকাপের পরই ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজই জিতেছে ভারত। তবে সিরিজের চাইতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো ভারতের ক্রিকেট মহল।

ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয়া, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী-কোহলির মধ্যে কথা নিয়ে লুকোচুরি। এসব নিয়ে টালমাটাল ছিলো ভারতের ক্রিকেট। এ অবস্থার মধ্যেই  দক্ষিণ আফ্রিকা সফরে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে বির্তককে পেছনে ফেলে টেস্ট সিরিজের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছে ভারত। টেস্ট সিরিজ নিয়ে পরিকল্পনাও শেষ, সেটি বুঝা যাচ্ছে ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুলের কন্ঠে।

রাহুল বলেন, ‘প্রত্যেক দলই চায় টেস্ট ম্যাচ জিততে, ২০ উইকেট শিকার করতে। এই কৌশল আমরা আগেও প্রয়োগ করেছি। বিদেশে আমরা যে কয়টি টেস্ট খেলেছি, এই কৌশল কাজে এসেছে।’

তিনি আরো বলেন, ‘সেরা প্রস্তুতি নিয়ে একটা সুযোগ নিতে চাই। প্রস্তুতির দিক থেকে আমি সন্তুষ্ট। শুধু আমিই নই দলের সবাই অনুশীলনে ডুবে ছিল। চেষ্টা করবো দলের জন্য শুরুটা ভাল করতে। আশা করি সেটা পারবো।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়, ১ হার ও ২ ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!