করোনার কারণে প্রথমে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়। এরপর স্থগিত করা হয়েছে একই দিনের উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও ওয়াটফোর্ডের ম্যাচও। এই তালিকায় সবশেষ সংযোজন এভারটন-বার্নলি ম্যাচ।
অ্যানফিল্ডে আগামী রোববার স্থানীয় সময় দুপুরে লিডসের মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুলের। একই সময়ে মুখোমুখি হতো উলভারহ্যাম্পটন ও ওয়াটফোর্ড।
.png)
লিডস ও ওয়াটফোর্ড দলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় তাদের অনুরোধের প্রেক্ষিতে এক বিবৃতিতে ম্যাচ দুটি স্থগিত করার কথা জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
কোভিডের কারণে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ওয়াটফোর্ডের গত দুই রাউন্ডের ম্যাচও স্থগিত করা হয়েছিল। করোনাভাইরাসে জেরবার দলটির মাঠে নামানোর জন্য পর্যাপ্ত খেলোয়াড়ই এখন নেই।
শুরুতে ম্যাচ স্থগিতের জন্য এভারটনের অনুরোধ ফিরিয়ে দিয়েছিল লিগ কর্তৃপক্ষ। চোটের কারণে ছয় জন ও কোভিডে পাঁচ জন খেলোয়াড় হারানোর পর লিগের এমন সিদ্ধান্তকে অন্যায্য বলেছিলেন এভারটন কোচ রাফা বেনিতেজ। পরে তাদের আবেদন পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ।
এদিকে লিডস জানিয়েছে, নতুন করে তাদের আরো পাঁচ জন কোভিড পজিটিভ হয়েছেন। কারো মধ্যে অবশ্য কোনো উপসর্গ দেখা যায়নি।
এ নিয়ে গত কয়েক সপ্তাহে কোভিডের প্রভাবে ইংল্যান্ডের শীর্ষ লিগে স্থগিত হওয়া ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টি।