ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিনা পয়সায় কেনা যাবে ৫৩৯ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ২ জানুয়ারি ২০২২
বিনা পয়সায় কেনা যাবে ৫৩৯ ফুটবলার!
ফাইল ছবি

ইউরোপিয়ান ফুটবলে বছরজুড়েই দলবদলের নানা গুঞ্জনে আলোচনায় থাকেন ফুটবলাররা। কেউ কেউ নির্ধারিত সময় শেষের আগেই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন। কেউ কেউ আবার খুঁজতে থাকেন নতুন দল। আগামী মৌসুমে এরকম নতুন দলে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন ৫৩৯ জন ফুটবলার!

মূলত ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৫৩৯ জন ফুটবলারের বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ এই মৌসুমে শেষ হচ্ছে। এমতাবস্থায় তাদের যে কেউ চাইলে বিনা পয়সায় নতুন ক্লাবে যেতে পারবেন। এমনকি চাইলে এখন থেকেই চালিয়ে যেতে পারবেন আলোচনা, করতে পারবেন চুক্তি।

দলবদলের আসন্ন এই মৌসুমে নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম হতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ছয় মাস আগেও তার জন্য ২০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এমন লোভনীয় প্রস্তাব পেয়েও এমবাপ্পেকে ছাড়েনি পিএসজি।

Advertisement

কিন্তু দলবদলের নিয়ম অনুযায়ী সেই এমবাপ্পে গতকাল থেকে হয়ে গেছেন বিনা পয়সার ফুটবলার! অর্থাৎ শুধু এমবাপ্পে রাজি থাকলে পিএসজিকে কোনো টাকা না দিয়েই তাকে নেয়া যাবে। পিএসজির সঙ্গে চুক্তির ছয় মাস বাকি থাকলেও কাল থেকে যেকোনো ক্লাব তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে।

এরকমই এমবাপ্পে সহ এমন ৫৩৯ ফুটবলারের চুক্তি শেষ হচ্ছে ছয় মাস পর। ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা এ তালিকার আরেকটি বড় নাম। ২০১৬ সালে ১০৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে নিজেদের পুরনো খেলোয়াড়টিকে কিনেছিল রেড ডেভিলরা।

পগবা-ইউনাইটেডের পাঁচ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। এর মাঝে ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ কিনতে চাইলেও সায় দেয়নি রেড ডেভিলরা। অথচ পগবাকে এখন ছাড়তে হবে বিনা পয়সায়।

এদিকে গ্যারেথ বেলের সপ্তাহে ছয় লাখ ৫০ হাজার পাউন্ড বেতনটা রিয়াল মাদ্রিদের মাথাব্যথার কারণ। চোটজর্জর এই তারকার চুক্তিও শেষ হবে। বলা যায় এতে হাঁফ ছেড়ে বাঁচবে তারা। তবে লুকা মডরিচের সঙ্গে রিয়াল চুক্তির মেয়াদ বাড়াতেও পারে।

যে সকল ফুটবলারের চুক্তির মেয়াদের কেবল ছয় মাস বাকি তাদের মধ্যে উল্লেখযোগ্য আরও কয়েকজন হলেন জুভেন্টাসের পাওলো দিবালা, বার্সেলোনার উসমান দেম্বেলে, নাপোলির লরেঞ্জো ইনসিনিয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডের জেসে লিংগার্ড, চেলসির থিয়াগো সিলভা, টটেনহামের বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!