হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সফর শেষ জয়ের
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংই করা তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় এই সফরে আর ব্যাট হাতে নামতে পারবেন না।
মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে নিউজিল্যান্ড থেকে এসেছে দুঃসংবাদ। ইনজুরির কারণে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইনফর্ম তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। চোট পাওয়ায় তার হাতে তিন সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।
দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় জানান, ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।
.png)
বায়েজিদ বলেন, জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।
যার মানে দাঁড়ায় আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না ২১ বছর বয়সী এ ওপেনারের।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন জয়। প্রস্তুতি ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলার আত্মবিশ্বাস নিয়ে নেমে ৭৮ রান করেন তিনি।