চ্যাম্পিয়ন কিংসকে হারিয়ে লিগ শুরু স্বাধীনতা ক্রীড়া সংঘের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক শিরোপা মিশনের প্রথম ম্যাচেই নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হোঁচট খেলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে অভিষিক্ত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বসুন্ধরা।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের শুরুতেই সবচেয়ে বড় অঘটনটি দেখলো দেশের ফুটবল। যদিও করোনার কারণে দর্শকশূন্য গ্যালারিতে হচ্ছে লিগের খেলা।
মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্টে ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। কিন্তু প্রিমিয়ার লিগের শুরুটা তাদের হলো তেতো স্বাদের মধ্যে দিয়ে। বিগ বাজেটের দলটির হার দিয়ে হলো লিগযাত্রা।
ম্যাচ শুরুর আগে ফেবারিট ছিল কিংসরাই। কিন্তু মাঠের লড়াইয়ে সেটা তাদের দেখাতে দেয়নি নতুন দলটি। সমান তালে লড়ে দুটি সুযোগ কাজে লাগিয়ে অপ্রত্যাশিত ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে অখ্যাত সব খেলোয়াড় নিয়ে গড়া দলটি।
২৫ মিনিটে বক্সে ফাহাদের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। গোলের সহজ সুযোগটি কাজে লাগিয়ে নবাগতদের এগিয়ে দেন বসনিয়ান ফরোয়ার্ড নেদো তুরকভিচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল।
২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আশা ছাড়েনি বসুন্ধরা কিংস। ৪৮ মিনিটে ভ্রানিয়েসের ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে কোনোক্রমে রক্ষা করেন স্বাধীনতার গোলরক্ষক সারোয়ার জাহান।
তবে ৭৩ মিনিটে আর দলের জাল অক্ষত রাখা সম্ভব হয়নি তার। তৌহিদুল আলম সবুজের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কিংস। বাম দিক থেকে ইয়াসিন আরাফাতের বাড়ানো বল থেকে বক্সের ভেতরে থাকা সবুজের মাথা ছুঁয়ে আছড়ে পড়ে জালে। ম্যাচের বাকি সময় কিংস গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ।