শীর্ষ দুই দলের লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হাই ভোল্টেজ এই ম্যাচের বিজয়ী দল ম্যাচ শেষে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বর্তমানে দুই দলেরই পয়েন্ট ৯। তবে রান রেটের ব্যবধানে বরিশালের চেয়ে এগিয়ে আছে কুমিল্লা। এছাড়া বরিশালের (৭ ম্যাচ) চেয়ে ম্যাচও একটি কম খেলেছে ইমরুল কায়েসের দল (৬ ম্যাচ)।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক কায়েস। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।
.png)
এই ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। কুমিল্লার একাদশে এসেছে দুটি পরিবর্তন। একাদশে নেই ফাফ ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জায়গায় খেলবেন করিম জানাত ও মুমিনুল হক।
দুটি পরিবর্তন এসেছে সাকিবের দলেও। বরিশালের একাদশে ফিরেছেন জিয়াউর রহমান ও নাঈম হাসান। একাদশ থেকে বাদ পড়েছেন ইরফান শুক্কুর ও শফিকুল ইসলাম।
দুই দলের আগের দেখায় দাপুটে জয় পেয়েছিল কুমিল্লা। কুমিল্লার ১৫৮ রানের জবাবে সেই ম্যাচে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল বরিশালের ইনিংস।
একনজরে দুই দলের একাদশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, করিম জানাত, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মঈন আলী, সুমন খান, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, সুনীল নারাইন ও মুস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও নাঈম হাসান।