বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক সিডন্স
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ দলের ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করেছেন। এরপর থেকেই গুঞ্জন ছিল, সাকিব-তামিম-মুশফিকদের নতুন ব্যাটিং কোচ হতে পারেন জেমি সিডন্স। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এখন থেকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেতর দেশে আসেন জেমি সিডন্স। দেশের আসার পর থেকেই বিশ্রাম না নিয়ে বিপিএলের সব খেলা মাঠে বসে পর্যবেক্ষণ করছিলেন তিনি। যদিও তখনো কোনো দায়িত্বে ছিলেন না টাইগারদের সাবেক হেড কোচ।
অবশেষে জানা গেছে, সিডন্সই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ব্যাটিং পরামর্শক। শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি অপারেশন্স কমিটির একটি সূত্র।
.png)
অ্যাশওয়েল প্রিন্স দায়িত্বে থাকা অবস্থায়ই জেমি সিডন্স বাংলাদেশে পৌঁছে বিসিবির সঙ্গে বৈঠক করেছেন। ঢাকা-সিলেট ঘুরে বিপিএলের খেলা দেখছেন, ভেন্যু দেখছেন। বিপিএল শেষ হলেই তার নতুন দায়িত্ব শুরু হবে বলে জানা গেছে।
এর আগে হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের পর প্রশ্ন উঠে যায়, কে হচ্ছেন নতুন ব্যাটিং কোচ? এক্ষেত্রে বিসিবি থেকে এখনও স্পষ্ট কিছু না জানানো হলেও জেমি সিডন্সই যে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত ছিলেন ক্রিকেটবোদ্ধারা।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গত ডিসেম্বরেই ঘোষণা দিয়েছিলেন, জেমি সিডন্সকে নিয়োগ দেওয়া হচ্ছে। তখন থেকে বলা হচ্ছিল, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হবেন তিনি। কিন্তু অ্যাশওয়েল প্রিন্সের চুক্তি আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকায় নিশ্চিত হওয়া যাচ্ছিল না, সিডন্সের কাজ কী হবে।
বিসিবির পরিকল্পনা ছিল, অ্যাশওয়েল প্রিন্সকে জাতীয় দল থেকে সরিয়ে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) কিংবা বাংলা টাইগার্স দলের কোচ হিসেবে নিযুক্ত করবে। যদিও বিসিবির জন্য এই পরিবর্তনটা একটু কঠিনই ছিল। কিন্তু তার আগেই পরিবারকে সময় দেওয়ার জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করলেন প্রিন্স।
এখন প্রিন্স পদত্যাগ করায় জাতীয় দলের ব্যাটিং কোচ কিংবা এইচপি এবং বাংলা টাইগার্স দলে সিডন্সকে যুক্ত করার কাজ সহজ হয়েছে। শিগগির বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন সিডন্স, এখন এটা বলাই যায়।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ রয়েছে, সেখানে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা যাবে সিডন্সকে।