ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে পেরে উঠলো না বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২২
নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে পেরে উঠলো না বার্সা
নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে পেরে উঠলো না বার্সা

দীর্ঘ ১৮ বছর পর ইউরোপা লিগ খেলতে নেমে ঘরের মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে নাপোলির বিপক্ষে পেরে উঠলো না খেলছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।  

বৃহস্পতিবার রাতে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পরার পর উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে ১-১ গোলে ড্র করেছে মাঠ ছাড়ে না জাভি শিষ্যরা।  নাপোলির পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ফেররান তরেসের স্পট কিকে।

বল দখলে আধিপত্য করে বার্সেলোনা প্রথম ২০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায়। এর মধ্যে একবারই কেবল লক্ষ্যে শট রাখতে পারে তারা। পঞ্চদশ মিনিটে নিকো গনসালেসের শট দারুণ নৈপুণ্যে ফেরান গোলরক্ষক আলেক্স মেরেত।

Advertisement

এর আগে-পরে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন পেদ্রি ও অবামেয়াং। ২৮তম মিনিটে ব্যর্থতার মিছিলে যোগ দেন ফেররান তরেস। অবামেয়াংয়ের পাস ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড। সামনে একমাত্র বাধা গোলরক্ষক। তবে তার বুলেট গতির শট লক্ষ্যে ধারেকাছে ছিল না।

পরের মিনিটেই ডি-বক্সে এলমাস একজনকে কাটিয়ে খুঁজে নেন পিওতর জিয়েলিন্সকিকে। তার প্রথম শট পা দিয়ে ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পাল্টা শটে জালে পাঠাতে ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড।

গোল খেয়ে যেন আরও তাল কেটে যায় বার্সেলোনার। বারবার গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ ধাপে খেই হারিয়ে ফেলছিল তারা। এলোপাথারি কয়েকটি শটও নেয়; কিন্তু প্রতিপক্ষকে ভাবানোর মতো এই অর্ধে আর কিছু করতে পারেনি দলটি। প্রথমার্ধে তাদের আট শটের কেবল একটিই ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করা বার্সেলোনা ৫৯তম মিনিটে অবশেষে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। নাপোলির ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন তরেস।

ত্রাওরের বদলি নামা উসমান দেম্বেলে ৭২তম মিনিটে ভালো একটি আক্রমণ শানান। কিন্তু তার ডি-বক্সে অবামেয়াংকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা যায় ভেস্তে। ৮৭তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তরেস। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তরুণ এই ফরোয়ার্ড।

ছয় মিনিট যোগ করা সময়েও দুবার ভীতি ছড়ায় বার্সেলোনা। কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেননি তরেস ও পেদ্রি। পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২১টি শট নেয় দলটি, এর কেবল পাঁচটিই ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির চার শটের চারটিই লক্ষ্যে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে আসা বার্সেলোনার জন্য ঘরের মাঠের এই ফল হতে পারে বড় বিপদের। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার মূল লড়াইয়ে জায়গা করে নেওয়ার অভিযানে আগামী বৃহস্পতিবার নাপোলির মাঠে মুখোমুখি হবে দল দুটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!