ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্যালারিতে দর্শক নিয়ে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ২০ ফেব্রুয়ারি ২০২২
গ্যালারিতে দর্শক নিয়ে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি

দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের জন্য সুসংবাদ। আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মাঠে বসেই দেখার সুযোগ পেতে পারেন তারা। তবে এক্ষেত্রে সীমিত সংখ্যক দর্শককে খেলা দেখার অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

আপাতত সেই সংখ্যা ৪ হাজার থেকে হতে পারে ধারণক্ষমতার অর্ধেক পর্যন্ত। তবে এখনো কিছুই চূড়ান্ত না। 

করোনা পরিস্থিতির কারণে বিপিএল শুরু হয়েছিল দর্শক ছাড়াই। আসরের শেষ চার ম্যাচে অবশ্য ৪-৫ হাজার দর্শককে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়। সরকার থেকে এখনও রয়েছে সেই নির্দেশনাই। তাই আফগান সিরিজে চট্টগ্রামে অন্ততপক্ষে ৪ হাজার ও ঢাকায় অন্ততপক্ষে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন।

Advertisement

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ বিষয়ে বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।’

তবে ৫০ ভাগ দর্শক রাখার অনুমতি পাওয়া না গেলে একেবারে ফাঁকা থাকবে না গ্যালারি। টিটু বলেন, ‘সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।’ 

সীমিত সংখ্যক টিকিট কীভাবে দর্শকদের হাতে পৌঁছে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই। টিটু বলেন, ‘সিদ্ধান্তটি ২-১ দিনের মধ্যে হয়ে গেলে অতি দ্রুত আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব কীভাবে টিকিট দেওয়া হচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!