এদিকে ম্যারাডোনা বার্সেলোনায় খেলেছেন, এ নিয়ে গর্ব করে কাতালানরাও। ফলে বার্সা ও নাপোলি মুখোমুখি হলেই চলে আসে ম্যারাডোনা প্রসঙ্গ। আজ রাতে ইউরোপা লিগের কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে দু দল। স্বাভাবিকভাবে এবারও কথার প্রসঙ্গে উঠে এসেছেন ম্যারাডোনা।
হাই ভোল্টেজ ম্যাচের আগে দুই দলের কোচই ম্যারাডোনা প্রসঙ্গে কথা বলেছেন। এবার আবার ম্যাচটি হচ্ছে দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। পরের পর্বে যেতে তাই এই ম্যাচে দুই দলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই।
.png)
এমন ম্যাচের আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, মেসি না আসলে পৃথিবীর সেরা খেলোয়াড় থাকতেন ম্যারাডোনাই। অন্যদিকে নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তির বিশ্বাস, ম্যারাডোনা থাকবেন তাদের পক্ষে।
জাভি বলেন, ‘ম্যারাডোনা নামের স্টেডিয়ামে খেলতে পারাটা বার্সেলোনার জন্য সম্মানের। মেসির যদি জন্ম না হতো তাহলে ম্যারাডোনাই সেরা থাকতো। তিনি এমন একজন ফুটবলার, যিনি আমাদের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি বিশ্বের প্রত্যেকের জন্য একটি উদাহরণ ছিলেন। আমরা এখনো ম্যারাডোনার ভিডিও দেখি আর রোমাঞ্চিত হই।’
তিনি আরো বলেন, ‘নাপোলিকে ধাক্কা দিতে আমি রোমাঞ্চিত। আমরা যেটা চাই ম্যাচটাতে প্রভাব বিস্তার করতে ও তাদের পেছনে ধাক্কা দিতে। যদিও জানি এটা সহজ হবে না। নাপোলি চ্যাম্পিয়ন পর্যায়ের দল, যারা সিরি আর জন্যও লড়ছে।’
নাপোলি কোচ স্পালোত্তি বলেছেন, ‘ম্যারাডোনা আমাদের পক্ষে থাকবে। আমি নিশ্চিত সে আমাদের দিকেই থাকবে, ঈশ্বর আমাদের পক্ষে আছেন। আজকে আমাদের কোনো ম্যারাডোনা নেই কিন্তু সবাই মিলে আমরা এটা অর্জন করতে পারি। আমাদের অবশ্যই সমর্থকদের কাছে স্মরণীয় হতে হবে। আমরা এমন একটা দল গড়ে তুলতে চাই যারা নেপলসের মর্ম ও স্বপ্নটাকে ছড়িয়ে দিতে পারে।’