ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখনই নিজের শেষ দেখছেন না অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২২
এখনই নিজের শেষ দেখছেন না অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে নাটকীয়ভাবে দল থেকে বাদ পড়লেও এখনই  নিজের রেকর্ড-ব্রেকিং আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না ইংল্যান্ডের পেস তারকা জেমস অ্যান্ডারসন।

অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারের পর আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ সিরিজের দল থেকে বাদ পড়েন ইংল্যান্ডের সর্বকালের দুই শীর্ষস্থানীয় টেস্ট উইকেট শিকারি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

ইংল্যান্ডের অন্তবর্তীকালীন ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এ  সিদ্ধান্ত নেয়। অ্যাশেজ সিরিজে ব্যর্থতার পর বরখাস্ত হয়েছেন তার পুর্বসুরি অ্যাশলে জাইলস ও ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড।

Advertisement

আগামী জুলাইয়ে ৪০ বছরে পা রাখতে যাওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ ৬৪০ উইকেট শিকার করা অ্যান্ডারসন বলেছেন, এখনই অবসরের পরিকল্পনা নেই তার।

বিবিসিকে অ্যান্ডারসন বলেন, আমি যাচ্ছি না শুনে আহত হয়েছিলাম। যা ঘটেছে তা কাটিয়ে উঠার চেস্টা করছিলাম। যদিও কয়েকটি সপ্তাহ কেমন যেন মনে হয়েছে। প্রার্থনা করছি এখানেই যেন শেষ না হয়।

এদিকে বয়স ৩৫ বছর অতিক্রমের পর ফাস্ট বোলারদের দক্ষতা হ্রাস পায় বলে যে প্রবাদ রয়েছে সেটি মানতে রাজি নন অ্যান্ডারসন। বরং তার বিশ্বাস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরো ভালো করছেন। তার পরিসংখ্যানও তার পক্ষে রয়েছে। 

তিনি বলেন, আমি মনে করি এখনো অনেক কিছু দেবার আছে। ৩৫ বছরে পা রাখার পর আমার রেকর্ড আরো ভালো হয়েছে। আমি জানি আমার গতি কমেনি। আমি কোন কিছুই হারাইনি।

অ্যান্ডারসন আরো বলেন, আমি একের পর এক আরো গভীরে প্রবেশ করেছি।  বিগত ২০ বছরে আমি আরো সমৃদ্ধ হয়েছি। এখনো আমি এই খেলাটি ভালবাসি। আমি এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে বল করতে পছন্দ করি। যদিও তাদের বিরুদ্ধে ফল আমাদের পক্ষে যায়নি।

এ দিকে ইংল্যান্ড অধিনায়ক জো রুটও সুর মিলিয়েছেন স্ট্রসের সঙ্গে। স্ট্রস বলেছিলেন, অ্যান্ডারসন ও ব্রডের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। রুটও বলেন, বিষয়টি পরিস্কার। কেউ বলছে না তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

১৯৬৮ সালের পর ক্যারিবীয় অঞ্চলে এ পর্যন্ত মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। রুট বলেন, অ্যান্ডারসন ও ব্রডকে বাদ দেয়া মানে এই নয় যে এতে দলের উন্নতি হয়েছে। তিনি বলেন, আমি খুবই আবেগপ্রবন। আমি চাই ইংল্যান্ড জয়লাভ করুক।

অ্যান্ডারসন ও ব্রড দু’জনে এ পর্যন্ত ১,১৭৭টি টেস্ট উইকেট শিকার করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরকারী ইংল্যান্ড দলে এমন কোন বোলার নেই যারা ২০০ উইকেট পেয়েছে। এদের মধ্যে তিন অংকে গেছেন কেবল মাত্র বেন স্টোকস (১৬৭) ও ক্রিস ওকস ((১২৫)। বিদেশের মাটিতে ব্যয়বহুল ওভার রয়েছে ওকসের। যার গড় ৫২.২৮। তবে ইংল্যান্ডের মাটিতে এই গড় মাত্র ২২.৬৩।

অবশ্য রুট বলেছেন সফরে গিয়ে নতুন বলে বোলিং করার সুযোগ পাননি তিনি। তবে তিনি বলেন, ক্রিস নয়, অন্য কোন খেলোয়াড়ও দাঁড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া সফরে দারুণ করেছিল মার্ক উড। আন্তরিকতা, আবেগ, গতি এবং ধৈর্য্য নিয়ে দীর্ঘ সময় ধরে বল করেছেন তিনি। নিজেকে এগিয়ে নেয়ার জন্য এটি হবে তার জন্য দারুণ সুযোগ।

আগামী ৮ মার্চ এন্টিগায় শুরু হবে সিরিজটি। ১৬ মার্চ বার্বাডোজে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে গ্রানাডায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!