ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাটকীয় জয়ে পিএসএলের কোয়ালিফায়ারে ইসলামাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২২
নাটকীয় জয়ে পিএসএলের কোয়ালিফায়ারে ইসলামাবাদ
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর থেকে বাদ পড়েছে পেশোয়ার জালমি। প্রথম এলিমিনেটরে নাটকীয়ভাবে দলটিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে কষ্টেসৃষ্টে শেষ চারে জায়গা করে নেয়া ইসলামাবাদ ইউনাইটেড।

লাহোরে হাই ভোল্টেজ ম্যাচটির রোমাঞ্চ ছড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জড়ো করে পেশোয়ার। ওপেনার কামরান আকমল ৩৯ বলে ৫৮ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়ার ইনিংসে তিনি হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা।

এছাড়া শোয়েব মালিক ৪৩ বলে ৫৫ ও হুসাইন তালাত ১৫ বলে ২৮ রান করেন। ইসলামাবাদের পক্ষে হাসান আলী একাই শিকার করেন তিনটি উইকেট।

Advertisement

জয়ের লক্ষ্যে খেলতে নেমে অ্যালেক্স হেলসের ব্যাটে পাল্লা দিয়ে রান তুলতে থাকে ইসলামাবাদ। ৪৯ বলের মোকাবেলায় ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬২ রান করে সাজঘরে ফেরেন হেলস। এরপর আজম খানের ২২ বলে ২৮ ও অধিনায়ক শাদাব খানের ১৭ বলে ২২ রানের দুই কার্যকরী ইনিংস ম্যাচ জমিয়ে তোলে।

শেষদিকে ফাহিম আশরাফের ১৩ বলে ১৯ ও লিয়াম ডওসনের ২ বলে ১০ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পা রাখে ইসলামাবাদ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বেনি হাওয়েলের করা প্রথম বলে আজম সাজঘরে ফিরলে ক্রিজে এসেই একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন ডওসন।

পেশোয়ারের পক্ষে সালমান ইরশাদ শিকার করেন তিনটি উইকেট। ২৫ ফেব্রুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে ইসলামাবাদ। গত আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর
টস: পেশোয়ার জালমি

পেশোয়ার জালমি: ১৬৯/৫ (২০ ওভার)
কামরান ৫৮, মালিক ৫৫
হাসান ৩০/৩, ফাহিম ১৫/১

ইসলামাবাদ ইউনাইটেড: ১৭০/৫ (১৯.৩ ওভার)
হেলস ৬২, আজম ২৮, ডওসন ১০*
ইরশাদ ৩১/৩, উসমান ১৭/১

ফল: ইসলামাবাদ ৫ উইকেটে জয়ী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!