ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুদ্ধের প্রতিবাদ; রাশিয়ার বিপক্ষে খেলবেন না লেভানদোভস্কিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
যুদ্ধের প্রতিবাদ; রাশিয়ার বিপক্ষে খেলবেন না লেভানদোভস্কিরা
রবার্ট লেভানদোভস্কি

ইউক্রেনের মাটিতে যুদ্ধ শুরু করা রাশিয়া খেলার জগতে বেশ তোপের মুখে পড়েছে। এরই মধ্যে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরিয়ে নেয়া হয়েছে। এবার কাতার বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে দেশটির বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড।

আসন্ন ফুটবল বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা পোল্যান্ডের। এর আগে পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি জানিয়েছেন, রাশানদের বিপক্ষে খেলবেন না তারা। শুধু তাই নয়, এই সূচিটি নিয়ে শিগগিরই ফিফাকে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চাপও দিচ্ছে পোলিশরা।

আসছে মাসে মাঠে গড়ানোর কথা বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনাল। আগামী ২৪ মার্চ রাশিয়ার মাটিতে তাদের মুখোমুখি হওয়ার কথা লেভানদোভস্কির পোল্যান্ডের।

Advertisement

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেজারি কুলেসজা এ বিষয়ে বলেছেন, ‘আর কোনো কথা নয়, এখন করে দেখানোর সময়। ইউক্রেনের ওপর রাশান ফেডারেশনের আগ্রাসনের ফলে পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে প্লে অফ ম্যাচটা খেলার ইচ্ছা পোষণ করছে না।’

তিনি আরো বলেন, ‘এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। আমরা সুইডেন, চেক প্রজাতন্ত্রের ফেডারেশনের সঙ্গে কথা বলছি যেন ফিফার কাছে একটা সম্মিলিত একটা অনুরোধ উত্থাপন করা যায়।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য বৃহস্পতিবার রাতেই বলেছিলেন, ‘আমরা এই পরিস্থিতিটা নজরে রাখছি। বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আমরা শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছাবো। দরকার পড়লে নতুন সিদ্ধান্তও নেয়া হবে।’

দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, কর্তাব্যক্তিদের মধ্যকার দফায় দফায় আলোচনা চলেছে এ বিষয়ে। তবে ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

ফেডারেশনের সিদ্ধান্তে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন লেভানদোভস্কি। ব্যক্তিগত টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর খেলাটা যা তুলে আনে, একটা যুদ্ধ তার ঠিক উল্টোটা করে। যারা স্বাধীনতা ও শান্তিকে সমর্থন দেয়, এখনই তাদের ইউক্রেনে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মোক্ষম সময়।’

তিনি আরো যোগ করেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমি আমার সতীর্থদের সঙ্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে আলোচনা করব, যেন সবাই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়। এরপর পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সামনে বিষয়টি যত দ্রুত সম্ভব উপস্থাপন করা হবে।’

ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইতোমধ্যেই পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র একটা খোলা চিঠি দিয়েছে ফিফাকে। যেখানে অতিসত্বর বিশ্বকাপের প্লে অফের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!