ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে টি-২০ দলে উঠে এসেছেন মুনিম। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনায় আসেন এ ব্যাটার। প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েই অভিষেক ক্যাপ মাথায় তুললেন ২৩ বছর বয়সী এ তরুণ ক্রিকেটার।
মুনিমের সঙ্গে অভিষেক হল ইয়াসির আলির। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্টের অভিষেক ক্যাপ পাওয়া ইয়াসির আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পান ওয়ানডে ক্যাপ।
.png)
চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম খবরটি নিশ্চিত করেন। মুশফিকুর রহিম চোটে দলে জায়গা পেয়ে গেলেন ইয়াসির।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিক। সতর্কতা হিসেবে রাতেই আরেক উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে দলে অন্তর্ভুক্ত করে টিম ম্যানেজমেন্ট।
বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ভিডিও বার্তায় বলেন, গতকাল মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটা এক্স–রে করি। এক্স–রেতে খারাপ কিছুই আসেনি। এক্স-রের ফল স্বাভাবিকই এসেছে। কিন্তু এখন ব্যথার জায়গাটা একটু ফুলে আছে। রংও পরিবর্তন হয়েছে। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তাকে আজকের ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে।
এ দিকে একইভাবে আফগানিস্তান একাদশেও আছে দুই অভিষিক্ত খেলোয়াড়। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টি-২০ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় মাত্র দুইটিতে, আফগানরা জিতেছে চার ম্যাচ। তবে ২০১৯ সালে ঘরের মাঠে হওয়া সবশেষ ম্যাচে জিতেছিল টাইগাররা। সেই জয়ই হতে পারে আজকের অনুপ্রেরণা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান,, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।