‘কেন ক্যাচ মিস করছি জানলে তো আর মিস করতাম না’
বাংলাদেশ ক্রিকেটে যেন বিষফোঁড়া হয়ে উঠেছে ক্যাচ মিস করা। ফরম্যাট যেটাই হোক, ফিল্ডারদের ক্যাচ হাতছাড়া করার এই ত্রুটি কোনোভাবেই দূর হচ্ছে না। ক্যাচ ধরতে শিষ্যদের এমন ভুল বিশ্বাস হচ্ছে না খোদ প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তেও বাংলাদেশের হারের অন্যতম বড় কারণ ক্যাচ ছাড়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ফিল্ডিং নিয়ে হতাশা আর বিস্ময় প্রকাশ করেছেন ডমিঙ্গো।
কেন এত ক্যাচ হাতছাড়া হচ্ছে, তা বুঝতে পারছেন না ডমিঙ্গো। তিনি বলেন, ‘গত পাঁচ ম্যাচে আমরা নয়টি ক্যাচ ছেড়েছি। যদি জানতাম কেন এমন হচ্ছে, তাহলে তো আর ক্যাচ ছাড়তাম না।’
.png)
এরপর তিনি বলেন, ‘এটা হতে পারে মনোযোগের কারণে, আত্মবিশ্বাসের ঘাটতির কারণে কিংবা চাপের কারণে- আমি শতভাগ নিশ্চিত নই। আমাদের নিশ্চিত করতে হবে আমরা উন্নতি করছি।’
ফিল্ডিংয়ে উন্নতির জন্য অনুশীলনে চেষ্টার কমতি থাকে না। তবে দিনশেষে মাঠে ভালো করাই মুখ্য। ডমিঙ্গোর ভাষায়, ‘আমরা ফিল্ডিংয়ে অনেক বেশি ভুল করছি এবং এর মাশুল গুনতে হবে।’
ডমিঙ্গো আরো বলেন, ‘বিশ্বকাপে মাশুল গুনেছি, আজ গুনেছি, টেস্টেও মাশুল গুনেছি। অনেক বেশি ক্যাচ হাতছাড়া হচ্ছে। প্র্যাকটিসে হয়ত ড্রিল করাই যায়, কিন্তু ম্যাচে তো খেলোয়াড়দের প্রয়োগ করতে হবে।’
তিনি যোগ করেন, ‘ছেলেদের আরো ভালো করতে হবে। সেরা খেলোয়াড়রাই দলে খেলছে। আমাদের নিশ্চিত করতে হবে- তারা রান করছে এবং ক্যাচ লুফে নিচ্ছে। পাঁচ ম্যাচে নয় ক্যাচ হাতছাড়া করা চিন্তাও করা যায় না। এটা নিয়ে চিন্তা করলে বিশ্বাসই হয় না।’