তিন বিভাগেই ভালো করার আশা সাকিবের
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার তারুণ্যনির্ভর দলকে এখন হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে কখনোই তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের হারানোর স্মৃতি থাকলেও নিজেদের মাটিতে দলটি অপ্রতিরোধ্য, তা দলটির সাম্প্রতিক হোম সিরিজগুলোর ফলাফলে স্পষ্ট।
সাকিব তাই কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার তরুণদের হালকাভাবে নিতে নারাজ। তিনি বলেন, ‘নতুন দল হলেও এখন ওরা ভারসাম্যপূর্ণ দল হয়ে গেছে। হয়ত কিছু দিন আগে সংগ্রাম করছিল, কিন্তু ইদানীং টেস্ট ওয়ানডে সব ফরম্যাটেই পারফরম্যান্স খুবই ভালো। যদি আমাদের জিততে হয়, খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’
.png)
সেই ভালো ক্রিকেটটাও যে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জরুরী, তা অকপটে স্বীকার করলেন সাকিব। বিশেষ করে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়া সিরিজে, মনে করেন তিনি।
সাকিব বলেন, ‘ভারতের সাথে সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে। তিনটা ম্যাচই তারা জিতেছে। আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের বোলিং ডিপার্টমেন্টকে অনেক ভালো করতে হবে। হোমে আমরা ভালো বোলিং করি কিন্তু অ্যাওয়ে সিরিজগুলোতে অনেক সংগ্রাম করতে হয়। শুধু স্পিনার না, ফাস্ট বোলারদের জন্যও চ্যালেঞ্জিং। ওয়ানডেতে নতুন বলে বোলাররা যদি উইকেট নিতে না পারে, স্পিনারদের জন্য আরও কঠিন হয়ে যাবে।’
টাইগার অলরাউন্ডার যোগ করেন, ‘একজন আরেকজনকে সাহায্য করতে পারলে ভালো ফলাফল সম্ভব। এখানে অনেক বেশি উন্নতির জায়গা আছে। একইসাথে ব্যাটিংও ভালো করতে হবে। বড় মাঠে ফিল্ডিংও অনেক সময় বাজে হয়। তিন বিভাগেই অনেক ভালো করতে হবে, ওদের সাথে ভালো করতে হলে।’