স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে। দলের শেষ সদস্য হিসেবে রোববার (১৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন সাকিব। তার আগে তিনি জানালেন, দক্ষিণ আফ্রিকায় অনুশীলনের প্রস্তুতির চেয়ে মানসিক প্রস্তুতি বেশি জরুরী।
সাকিব বলেন, ‘আমরা ওখানে হয়ত ৫-৬ দিন ট্রেনিং করতে পারব, কিন্তু এতে তো খুব বেশি উন্নতির জায়গা থাকবে না। মানসিকভাবে যতটা প্রস্তুতি নিতে পারব আমাদের জন্য তত ভালো হবে।’
.png)
এজন্য সাকিব দলের সবাইকেই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘আমার এবং দলগত... সবাইকেই নিতে হবে। আমি ভালো করলাম দল খারাপ করল সেটাও ভালো না আবার অন্য কেউ পারফর্ম করল আমি করলাম না এটাও ভালো কিছু না। সবাই যদি একসাথে পারফর্ম করি তাহলে ভালো করা সম্ভব।’
বাংলাদেশ তাদের সর্বশেষ অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে পেয়েছিল ঐতিহাসিক এক জয়। মাউন্ট মঙ্গানুই টেস্টের সেই সাফল্য এই সফরেও বাংলাদেশকে প্রেরণা যোগাবে, এমনকি ওয়ানডে ফরম্যাটেও- বিশ্বাস সাকিবের।
সাকিব বলেন, ‘আমিও মনে করি এটা থেকে অনুপ্রাণিত হওয়া উচিৎ। নিউজিল্যান্ডের মত কঠিন এক কন্ডিশনে যেহেতু ভালো করেছি, হোক সেটা অন্য একটা ফরম্যাট, তারপরও আমার ধারণা এটা ওয়ানডেতে অনুপ্রাণিত করবে।’