ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কামিন্স-স্টার্ক নৈপুন্যে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ২৩ মার্চ ২০২২
কামিন্স-স্টার্ক নৈপুন্যে এগিয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উল্লাস -ফাইল ফটো

অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া।  হঠাৎ করেই পাকিস্তানের ব্যাটিং ধ্বস নামায় ১০ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে অজিরা।

কামিন্স-স্টার্কের বোলিং তোপে প্রথম ইনিংসে ২৬৮ রানেই অলআউট হয় পাকিস্তান। কামিন্স ৫টি ও স্টার্ক ৪টি উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৯১ রান।

প্রথম ইনিংস থেকে ১২৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১১ রান করেছে অস্ট্রেলিয়া।

Advertisement

১ উইকেটে ৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ৪৫ ও আজহার আলি ৩০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন প্রথম সেশনেই হাফ-সেঞ্চুরি তুলে নেন শফিক ও আজহার। এতে শফিক-আজহারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ উইকেটে ১৫৯ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে শফিক চতুর্থ ও আজহার ৩৫তম হাফ-সেঞ্চুরির দেখা পান।

বিরতি থেকে ফিরেই শফিক-আজহারের জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। ১১টি চারে ২২৮ বলে ৮১ রান করা শফিককে শিকার করেন লায়ন। আজহারের সাথে দ্বিতীয় উইকেটে ৩৫৯ বল খেলে ১৫০ রান যোগ করেন শফিক।

এরপর আজহারকে নিয়ে ৪৪ ও ফাওয়াদ আলমের সাথে ৩৪ রান তুলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যক্তিগত ৭৮ রানে আজহারকে শিকার করেন কামিন্স। ২০৮ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন আজহার। ফাওয়াদকে ১৩ রানের বেশি করতে দেননি স্টার্ক।

২৪৮ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফাওয়াদকে বিদায় দিয়ে ২৬৮ রানে পাকিস্তানকে গুটিয়ে দেন কামিন্স ও স্টার্ক। অর্থাৎ ২০ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেটের পতন ঘটে।

মোহাম্মদ রিজওয়ানকে ১, বাবরকে ৬৭ রানে ও শেষ ব্যাটার নাসিম শাহকে শুন্য রানে শিকার করেন স্টার্ক। সাজিদ খানকে ৬, নোমান আলি-হাসান আলিকে খালি হাতে ফেরান কামিন্স।

টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি পাওয়া বাবর, নবম ব্যাটার হিসেবে আউট হন। অস্ট্রেলিয়ার কামিন্স ৫৬ রানে ৫টি ও স্টার্ক ৩৩ রানে ৪টি উইকেট নেন। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন কামিন্স। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম।

নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। কোন উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে তারা। উসমান খাজা ৭ ও ডেভিড ওয়ার্নার ৪ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর : (টস-অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া : ৩৯১ ও ১১/০, ৩ ওভার (খাজা ৭, ওয়ার্নার ৪)।

পাকিস্তান : ২৬৮/১০, ১১৬.৪ ওভার (শফিক ৮১, আজহার ৭৮, কামিন্স ৫/৫৬)।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!