ডমিঙ্গোর মোটিভেশনেই টাইগারদের ঐতিহাসিক অর্জন
টি-২০ বিশ্বকাপের পাশাপাশি বেশ কিছু সিরিজে দৃষ্টিকটু ব্যর্থতায় রাসেল ডমিঙ্গোকে দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায়। জেগেছিল চাকরি হারানোর শঙ্কাও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। এমনকি টাইগারদের ঐতিহাসিক অর্জনের পেছনে ছিল ডমিঙ্গোর মোটিভেশন!
নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় শিষ্যদের নিয়ে পাড়ি জমানোর সময়টায় প্রচুর চাপে ছিলেন ডমিঙ্গো। সেই ডমিঙ্গোর বিশ্বাসই বাংলাদেশ দলকে এনে দিয়েছে ইতিহাস গড়া সাফল্য। প্রোটিয়া-প্রাচুর্যের কোচিং স্টাফ নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ।
এবারের সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় ছিল না। অধিনায়ক তামিম ইকবাল তাই জয়ের আশা করলেও শুরুতে সিরিজ জয়ের স্বপ্ন দেখেননি। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা অনেক চ্যালেঞ্জিং। শুধু আমাদের জন্য না, যেকোনো দলের জন্য।
.png)
তবে একজন রেখেছিলেন সিরিজ জয়ের বিশ্বাস, আর তিনি ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা অসম্ভব নয়- এই বার্তা দিয়ে শিষ্যদের তাতিয়ে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বাস আরো বেড়ে যায় প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর।
তামিম বলেন, ‘দেশ থেকে আসার সময় জয়ের বিশ্বাস ছিল। সিরিজ না হোক ম্যাচ জিততে পারব এই বিশ্বাস ছিল। তবে কোচের প্রচণ্ড পরিমাণ বিশ্বাস ছিল যে এই সিরিজটা বাংলাদেশ জিতবে। সে এটা নিয়ে ক্রমাগত বলছিল। খেলোয়াড়দের ওপরও বিশ্বাস জাগানোর চেষ্টা করছিল।
টাইগার অধিনায়ক যোগ করেন, ‘আমাদের প্রথম ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস আরো বাড়ল। বুঝতে পারলাম সিরিজ জেতার সুবর্ণ সুযোগ আমাদের সামনে। কোচ একটা কথা বলল গত ম্যাচের আগে- আমরা এখানে অনেকেই আছি যারা ১০, ১২, ১৫ বছর ধরে খেলছি। এই সিরিজ জিততে পারলে এটা আমাদের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হবে। এটাও একটা মোটিভেশন ছিল সবার।’