ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবার এক ম্যাচে মেসি-নেইমার-এমবাপ্পের গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ৪ এপ্রিল ২০২২
প্রথমবার এক ম্যাচে মেসি-নেইমার-এমবাপ্পের গোল
মেসি, নেইমার ও এমবাপ্পে

আন্তর্জাতিক বিরতির পর যেন নিজেদের চেনা ছন্দে ফিরল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। রোববার রাতে ঘরের মাঠে লঁরিয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে দলটি।

ঘরের মাঠে পিএসজির এমন দুর্দান্ত জয়ের সবটাই আবর্তিত হয়েছে মূলত কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। নিজে জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থ নেইমার এবং মেসির করা অপর তিনটি গোলেও অবদান রাখেন তিনি। এর ফলে ইতিহাসে প্রথম একই ম্যাচে গোল পেলেন মেসি, নেইমার ও এমবাপ্পে।

পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটির বিপক্ষে গত ডিসেম্বরে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি। এবার তাদের উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করল লা পারিসিয়ানরা।

Advertisement

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। বাঁ দিক দিয়ে ক্ষিপ্র গতিতে পাল্টা আক্রমণে উঠে শট নেন এমবাপ্পে। কিন্তু শটে যথেষ্ট গতি ছিল না, কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

পরের মিনিটে আরেকটি কর্নার আদায় করে নেয় স্বাগতিকরা। দানিলোর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায়। আক্রমণত্রয়ীর নৈপুণ্যে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিক খুঁজে পায় এমবাপ্পেকে। ডিফেন্ডারের বাধা এড়িয়ে সাবেক মোনাকো ফরোয়ার্ড পাস বাড়ান নেইমারকে। জোরাল নিচু শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে নেইমারের নাম। তার পাস পেয়ে বাঁ দিকে বল বাড়ান ইদ্রিসা গেয়ি। আর বল ধরে ডি-বক্সে ঢুকে একটু সময় নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এমবাপ্পে।

৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। বিপজ্জনক পরিস্থিতিতে সতীর্থ মার্কিনিয়োসকে ব্যাকপাস দিয়ে বসেন আশরাফ হাকিমি। বলে গতি ছিল বেশি, মার্কিনিয়োসের বরাবরও ছিল না, ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তেরেম মফি।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপ্পে। হাকিমির পাস পেয়ে আসরে নিজের ১৭তম গোলটি করেন তিনি।

ছয় মিনিট পর পিএসজির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। আক্রমণটির মূল কারিগর এমবাপ্পে। মাঝমাঠে একজনকে কাটিয়ে বাঁ দিকে সতীর্থকে বল বাড়িয়ে এগিয়ে যান ফরাসি তারকা। এরপর সতীর্থের ফিরতি পাস বক্সে ধরে আরেকজনকে কাটিয়ে বাইলাইনের কাছ থেকে ব্যাকপাস করেন তিনি। আর পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে আসরে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লঁরিয়ের জালে পঞ্চম গোলটি করেন নেইমার। এমবাপ্পের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এবারের লিগ ওয়ানে ১৬ ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৭টি। ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্শেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!