আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে বাধা নেই তার। বছরের শুরুতে জার্মান গণমাধ্যম বিল্ডের খবরে বলা হয়, এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে তার। আনুষ্ঠানিক ঘোষণা আসতেই কেবল বাকি।
এমন সব খবরের মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল ও পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে জেতে লিগ ওয়ানের দলটি, দলের পক্ষে একমাত্র গোলটি করেন এমবাপ্পে।
.png)
দ্বিতীয় লেগেও প্রথমে একটি গোল করেন এমবাপ্পে। কিন্তু করিম বেনজেমার দারুণ হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয় রিয়াল।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বিল্ডের ওই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছিল, রিয়াল-পিএসজি মহারণের পরেই এমবাপ্পের রিয়ালের সঙ্গে চুক্তির ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
পিএসজির পক্ষ থেকে বরং মাঝেমধ্যেই বলা হচ্ছে, এমবাপ্পেকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এবার ক্লাবের আশার পালে নতুন হাওয়া দিলেন খেলোয়াড় নিজেই।
লিগ ওয়ানে রোববার রাতে লরিয়েঁর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আমাজন প্রাইমকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জানান, ক্লাবে থেকে যাওয়ার ভাবনা এখনো ভালোভাবেই আছে তার বিবেচনায়।
তিনি বলেন, ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার নতুন কিছু রসদ পেয়েছি, বেশ কিছু বিষয়কে বিবেচনায় নিতে হবে। যেমনটা আমি বলেছি, এটা সহজ সিদ্ধান্ত নয়। আমি আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলে সেরা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।
এমবাপ্পে আরো বলেন, সম্ভাব্য সেরা সিদ্ধান্ত নেয়ার জন্য সময় নিচ্ছি। আমি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, তাহলে তা জানিয়ে দিতাম। আমার পিএসজিতে থাকার সম্ভাবনা আছে কি-না? হ্যাঁ, অবশ্যই।