শাস্ত্রীর মতে, যে ক্রিকেটার চাহালকে শারীরিক নির্যাতন করেছিল তাকে কড়া শাস্তি দেওয়া হোক, যাতে সে ক্রিকেট মাঠে ঢুকতে না পারে। আজীবনের জন্য যেন তাকে নির্বাসিত করা হয়।
সম্প্রতি চাহাল এক অনুষ্ঠানে জানান, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় এক সতীর্থ মদ্যপ অবস্থায় তাকে হোটেলের ১৫ তলার বারান্দা থেকে ঝুলিয়ে রেখে দিয়েছিলেন। যা শোনার পরে শাস্ত্রী বলেছেন, ‘যদি সংশ্লিষ্ট ক্রিকেটার সে দিন বেহুঁশ অবস্থায় এ সব করে থাকে, তা হলে সেটি চিন্তার বিষয়।’
.png)
একটি ক্রিকেট ওয়েবসাইটকে শাস্ত্রী বলেন, ‘বিষয়টি হাসির ব্যাপার নয় মোটেই। আমি জানি না, কে এই ঘটনার সঙ্গে জড়িত। নিশ্চিত সেদিন সংশ্লিষ্ট ক্রিকেটার বেহুঁশ ছিল। যদি তা-ই হয়ে থাকে, সেটি চিন্তার বিষয় তো বটেই। যে এটি করেছে, সে মোটেও প্রকৃতস্থ অবস্থায় ছিল না।’
তিনি আরো বলেন, ‘এই ধরনের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই ভুল হয়ে অঘটন ঘটে। এটা কোনোমতেই বরদাস্ত করা যায় না। এই ধরনের কুকীর্তির খবর এই প্রথম আমি শুনছি। এটা মোটেও মজার ঘটনা নয়। যদি আজকের দিনে এ ধরনের ঘটনা ফের ঘটে, তা হলে আমি নিশ্চিত জড়িত ব্যক্তি সারাজীবন নির্বাসিত হবেন।’
শাস্ত্রী যোগ করেন, ‘সেই ব্যক্তিকে দ্রুত পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে। আজীবন নির্বাসিত হয়ে ক্রিকেট মাঠের ধারেকাছে আসতে না পারলেই তিনি বুঝতে পারবেন, এটা কতটা মজার বা কতটা নির্যাতন। কেউই নিশ্চয়ই চাইবে না, এ রকম ঘটনার জেরে কোনও দুর্ঘটনা ঘটে যাক।’
এরপর ক্রিকেটারদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেন, ‘এরকম হলে তৎক্ষণাৎ দল পরিচালকদের গোটা বিষয়টি জানানো দরকার। ঠিক যে রকম ম্যাচ গড়াপেটা সংক্রান্ত ঘটনার আভাস পেলে বা প্রস্তাব এলে দুর্নীতি দমন শাখাকে জানানো হয়ে থাকে, সেরকম ভাবেই দল পরিচালকদের এই বিষয়েও ওয়াকিবহাল রাখা প্রয়োজনীয়।’