ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেভানদোভস্কির বার্সায় আসার খবর ভিত্তিহীন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ১৫ এপ্রিল ২০২২
লেভানদোভস্কির বার্সায় আসার খবর ভিত্তিহীন
রবার্ট লেভানদোভস্কি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, আসন্ন মৌসুমে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কিকে দলে ভেড়াবে বার্সেলোনা। এমনকি দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, এমন খবরও কিছু গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু এসব খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি।

এক সাক্ষাৎকারে আলেমানি দাবি করেন, এসব খবর কেবলই অনুমান নির্ভর।

বিগত কয়েক মৌসুম ধরেই বায়ার্নের জার্সিতে অসাধারণ খেলে চলেছেন লেভানদোভস্কি। গোলের পর গোল করে চলেছেন এই তারকা। ২০২০ ও ২০২১ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

Advertisement

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ৪৭ গোল করেছেন লেভানদোভস্কি। বুন্দেসলিগায় এখন পর্যন্ত ৩২ গোল করে সবার উপরে তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও ১৩ গোল করে আছেন শীর্ষে। ৩৩ বছর বয়সী এই পোলিশ তারকাকে স্বাভাবিকভাবেই হারাতে চাইবে না বায়ার্ন। 

জার্মান ক্লাবটি এরই মধ্যে জানিয়েও দিয়েছে, গ্রীষ্মকালীন দলবদলে বিক্রি করা হবে না লেভানদোভস্কিকে। তার সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। দুই পক্ষের নতুন চুক্তির বিষয়ে অবশ্য এখনো কিছু শোনা যায়নি।

এরই মধ্যে আসছে গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছন্দে থাকা এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে চায় বলে খবর বেরোয়। বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান অবশ্য বলে দিয়েছেন পোলিশ তারকাকে ছাড়ার প্রশ্নই উঠে না।

কান বলেন, বায়ার্ন পাগল নয় যে মৌসুমে ৩০ থেকে ৪০ গোল করা একজন খেলোয়াড়ের দলবদল নিয়ে আলোচনা করবে। রবার্টের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। আমরা সবসময় বলেছি যে, আমরা (চুক্তি নবায়নের) আলোচনা শুরু করব, এটা আমরা অনেক আগেই করেছি।

এবার বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরও জানালেন লেভানদোভস্কির সঙ্গে চুক্তির খবর কেবলই গুঞ্জন। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ মাঠে গড়ানোর আগে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

আলেমানি বলেন, পোলিশ ফরোয়ার্ডের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। এটা প্রেস থেকে অনুমান নির্ভর খবর মাত্র, যা পৃষ্ঠা পূরণ করার জন্য খুবই ভালো। কিন্তু এটা সত্য নয়। যদি আমরা তাকে চাই, তাহলে প্রথমেই আমরা তার ক্লাবের সঙ্গে কথা বলবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!