জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের দ্বিতীয় জানাজা মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তার মরদেহ দাফনের জন্য বনানী কবরস্তানে নেয়া হয়েছে।
এর আগে, মোশাররফ হোসেন রুবেলের প্রথম জানাজা সম্পন্ন হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচ জামে মসজিদে এ জানাজা হয়।
.png)
মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
এর আগে, তিনি বাসাতেই ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ বাহাতি স্পিনার। সেই সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছর না যেতেই ফের দেখা দেয় টিউমার। পরে ইনফেকশন হয়ে যায়। সেখান থেকে বাসা বাধে ক্যান্সার। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৪ মার্চ হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা কিছুটা ভালো হলে তাকে গত শুক্রবার বাসায় নেয়া হয়।
মোশাররফ হোসেন রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। এছাড়া ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন তিনি। মোশারফ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি।