ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যান্ডারসন-ব্রডকে দলে চান স্টোকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ৩০ এপ্রিল ২০২২
অ্যান্ডারসন-ব্রডকে দলে চান স্টোকস
বেন স্টোকস

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হয়েই দুই অভিজ্ঞ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি।

তিনি জানান, অধিনায়কত্ব পেয়েই অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরাতে ইচ্ছুক স্টোকস। এই দুই অভিজ্ঞকে আগামী সিরিজের দলে চান তিনি।

অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হারের পর পুরো দলকে ঢেলে সাজায় ইসিবি। এতে দল থেকে বাদ পড়েন অ্যান্ডারসন ও ব্রড। সেই সঙ্গে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর করে ইংল্যান্ড।

Advertisement

দল থেকে বাদ পড়ে সংবাদমাধ্যমে নিজেদের হতাশা প্রকাশও করেন অ্যান্ডারসন ও ব্রড। তারা জানিয়েছিলেন, ঠিক কেন দল থেকে বাদ পড়েছেন, আসল কারণ জানেন না।

তবে অধিনায়ক হয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন স্টোকস। এ ব্যাপারে রব বলেন, এই দায়িত্বে আমার নাম ঘোষণার আগেই আমি জিমি ও ব্রডকে ফোন করে বলেছি, এই গ্রীষ্মের প্রথম টেস্টের দল নির্বাচনে তোমাদের নাম বিবেচিত হবে। তবে আমি তো ম্যানেজিং ডিরেক্টর। তারা জানতে চেয়েছিল, অধিনায়কের ভাবনাও একইরকম কি-না। স্টোকস প্রথম যে কথাগুলি বলেছে, এর মধ্যে ছিল, জিমি ও ব্রডকে দলে ফিরবে। আমি তাতে সায় দিয়েছিলাম।

বর্তমানে টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডের সেরা দুই বোলার অ্যান্ডারসন-ব্রড। দু’জনে মিলে টেস্ট ক্রিকেটে ৩২১ ম্যাচে ১১৭৭ উইকেট শিকার করেছেন। ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নিয়ে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন। ১৫২ টেস্টে ৫৩৭ উইকেট ব্রডের।

রব জানান, জাতীয় দলে ফিরতে কি করতে হবে, তা ভালো করেই জানেন অ্যান্ডারসন ও ব্রড। তিনি বলেন, তাদের নিজেদের পরিকল্পনা আছে। জিমি ও ব্রডের মতো দু’জনকে আমাদের বলে দিতে হবে না, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে কি করতে হবে। তারা না জানলে এটা আর কেউই জানে না। প্রথম টেস্টের (নিউজিল্যান্ড) জন্যই তাদেরকে তৈরি থাকতে হবে। তাদের না পারার কোন কারণ আমি দেখি না।

পাঁচ বছর দলের দায়িত্বে থাকা রুটের জায়গায় অধিনায়ক হন স্টোকস। সর্বশেষ ১৭টি টেস্ট রুটের অধীনে মাত্র ১টি জয় পায় ইংল্যান্ড। গত অ্যাশেজ ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে ইংলিশরা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে আছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান স্টোকস। ইংল্যান্ডকে সাফল্যের ধারায় ফেরাতে পারেন কি-না স্টোকস, সেটির অপেক্ষায় ব্রিটিশরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!