ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড ওয়াটফোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ৮ মে ২০২২
প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড ওয়াটফোর্ড
ফাইল ছবি

ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে রেলিগেটেড হয়ে গেছে ওয়াটফোর্ড। সেলহার্স্ট পার্কে উইলফ্রিড জাহার পেনাল্টির গোলে রয় হজসনের দলের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয় ওয়াটফোর্ড।

হাসানে কামারার হ্যান্ডবলে ভিএআর প্রযুক্তির সহায়তায় পেনাল্টি উপহার দেয়া জয় প্যালেসকে। ৩১ মিনিটে স্পট কিক থেকে ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টারকে উল্টো দিকে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন জাহা। মৌসুমের এটি তার ১৩তম গোল।

রেলিগেশন বিপদ এড়ানোর জন্য ওয়াটফোর্ডে জয় জরুরী ছিল। একইসঙ্গে তলানির দলগুলোর বাকি থাকা ম্যাচের ভাগ্য ওয়াটফোর্ডের টিকে থাকার জন্য প্রয়োজন ছিল। কিন্তু হতাশাজনক পরাজয়ে শেষ পর্যন্ত শীর্ষ লিগ থেকে চ্যাম্পিয়নশীপে নেমে যেতেই হলো।

Advertisement

৩৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে রয়েছে ওয়াটফোর্ড, হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। রেলিগেশন থেকে বাঁচতে তাদের আরো ১২ পয়েন্টের প্রয়োজন ছিল।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে কামারা মাইকেল ওলিসকে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠত্যাগ করলে ওয়াটফোর্ডের পক্ষে এক গোল পরিশোধের পাশাপাশি আরো এক গোল করে দলের জয় নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে।

যদিও বেশ কিছু দুর্দান্ত সেভে ওয়াটফোর্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন ফস্টার। যে কারনে প্যালেসের আধিপত্য থাকলেও স্কোরলাইন সমৃদ্ধ করা সম্ভব হয়নি। কিন্তু ফস্টারের সতীর্থরা আক্রমনভাগে নিজেদের মেলে ধরতে পারেনি।

এনিয়ে লিগে টানা ষষ্ঠ পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা পেল ওয়াটফোর্ড। এই জয়ে প্যাট্রিক ভিয়েরার দল ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠে এসেছে।

এদিকে দিনের আরেক ম্যাচে ৬১ সেকেন্ডের মধ্যে দুই গোলে সাউদাম্পটনকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ডের কমিউনিটি স্টেডিয়ামে ১৪ মিনিটে অধিনায়ক পনটাস জ্যানসনের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।

ক্রিস্টিয়ান এরিকসেনের কর্ণার থেকে ইভান টোনির সহায়তায় জ্যানসন গোল করেন। ৬১ সেকেন্ডের মধ্যে ইউয়ানে উইসা কার্লিং শটে গোলরক্ষক ফ্রেসার ফর্স্টারকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুন হয়।

দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে ক্রিস্টোফার আয়ারের গোলে ব্রেন্টফোর্ডের বড় জয় নিশ্চিত হয়। সেইন্টের ডিফেন্ডারদের কাটিয়ে ফর্স্টারের পায়ের নীচ দিয়ে আয়ার বল জালে পাঠান।

বলের নিয়ন্ত্রন ৬০ শতাংশ সাউদাম্পটনের দখলে থাকলেও শেষ পর্যন্ত কোন সুযোগ সৃষ্টি করতে না পারায় তা কাজে আসেনি। প্রথামার্ধে এ্যাডাম আর্মস্ট্রং একটি গোল করলেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!