ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে ল্যাঙ্কাশায়ারের হয়ে একই দলে খেলছেন অ্যান্ডারসন ও হাসান। প্রথমবার হাসানকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে অ্যান্ডারসনের। হাসানের বোলিং পারফরমেন্স মুগ্ধ করেছে অ্যান্ডারসনকে। তাই হাসানকে কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করলেন তিনি। সেই সঙ্গে হাসানের কাছ থেকে নিজেও অনেক কিছু শিখছেন অ্যান্ডারসন।
চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী হাসান। ৪ ম্যাচের ৮ ইনিংসে ২৪ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে দু’বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন। দুর্দান্ত পারফরমেন্সের কারনে এপ্রিলে ল্যাঙ্কাশায়ারের সেরা ক্রিকেটার নিবার্চিত হয়েছেন হাসান। সব মিলিয়ে কাউন্টিতে ১৯ ম্যাচের ৩৬ ইনিংসে ৭৪ উইকেট নিয়েছেন তিনি।
.png)
হাসানের বোলিং পার্টনার হিসেবে খেলেছেন অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ২ ম্যাচের ৪ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। তাই সামনে থেকে হাসানের বোলিং নৈপুন্য দেখেছেন অ্যান্ডারসন। হাসানের সুইং, লাইন-লেন্থ মুগ্ধ করেছে তাকে।
বিবিসি রেডিও ৫কে লাইভে হাসানের প্রশংসা করে অ্যান্ডারসন বলেন, ‘হাসান একজন সত্যিকারের কিংবদন্তি, দারুণ একজন বোলার এবং মানুষও। সে দ্রুত গতিতে বোলিং করতে পারে এবং প্রত্যেক বলে গতি করে থাকে। ল্যাঙ্কাশায়ারের হয়ে দুদার্ন্ত বোলিং করছে সে।’
তিনি আরও বলেন, ‘ল্যাঙ্কাশায়ারের হয়ে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন এবং তার দক্ষতা আছে। তার সঙ্গে বল করতে পারাটা দারুণ কিছু।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬৯ ম্যাচে ৬৪০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আর ১৯টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে হাসানের। শিকার ৭৪টি। তাই অভিজ্ঞার বিচারে হাসানের চেয়ে অনেক গুন এগিয়ে অ্যান্ডারসন। তারপরও তরুণ পেসার হাসানের কাছ থেকে শিখছেন বলে জানান তিনি।
অ্যান্ডারসন বলেন, ‘আপনি যার সঙ্গে আগে কখনো খেলেননি, তার কাছ থেকে শিখতে পারবেন, যখন আপনি দেখেন তারা কিভাবে কাজ করে এবং তাদের কাছ থেকে ভিন্ন কিছু দেখতে পারবেন। সে আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি কি করি। আমিও তাকে দেখছি ও তার কাছ থেকে শিখছি।’
হাসান ক্রিকেট খুব ভালোবাসে, এজন্য পারলে সারাদিনই বল করে বলে জানান অ্যান্ডারসন। তিনি বলেন, ‘বোলিং করতে অনেক বেশি পছন্দ করে হাসান। যখন কোন বিদেশি খেলোয়াড়কে সই করানো হয়, তখন বোঝা যায় না, এখানকার কন্ডিশনে অভিজ্ঞতা অর্জন করতে আসছে না-কি টাকার জন্য আসছে তারা। তবে ক্রিকেটকে খুব ভালোবাসে সে। পারলে তো সারাদিনই বল করে। কখনও অধিনায়ককে না বলে না বা ক্লান্তির জন্য অধিনায়ককে বলেনি, আমার বিশ্রামের প্রয়োজন।’