এবারের চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় খানিকটা এগিয়ে থাকবে লিভারপুল। ফাইনালে আসার পথে খেলা ১২ ম্যাচের ১০ টিতেই জিতেছে অল রেডসরা। পক্ষান্তরে রিয়ালের জয় ৮ ম্যাচে।
লিভারপুলের পক্ষে এবারের আসরে সবচেয়ে বেশি গোল করেছেন মোহাম্মদ সালাহ। ৮ বার জালের দেখা পেয়েছেন এই মিশরীয় ফরওয়ার্ড। অপরদিকে রিয়ালের হয়ে এবার ১৫ গোল করেছেন করিম বেনজেমা। চলতি মৌসুমের ব্যালন ডি অর জয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন এই ফরাসি তারকা।
.png)
ফাইনালে দুই গোল করলে এক মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর করা এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন বেনজেমা। আর হ্যাটট্রিক করতে পারলে তো রোনালদোর রেকর্ড ভেঙেই দিবেন।
লা লিগায় এবার তিনি ২৭ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। তার পারফরম্যান্সে ভর করে রিয়াল জিতেছে লা লিগার ৩৫তম শিরোপা। বেনজেমা যেভাবে উড়ছেন তাতে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন তিনি।
আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়ী হলেই প্রথম কোচ হিসেবে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড গড়বেন কার্লো আনচেলোত্তি।
ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় ১৬ বার ফাইনালে উঠে ১৩ বার শিরোপা জিতেছে স্পেনের ক্লাবটি। তাদের অর্ধেকেরও কম শিরোপা জিতেছে লিভারপুল। তাদের ঝুলিতে আছে ৬টি শিরোপা।
সবশেষ ২০১৭-২০১৮ মৌসুমে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। সেবার এই লিভারপুলকে হারিয়েই রেকর্ড ১৩তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের সামনে আবারও সেই লিভারপুল। এবার রেকর্ড ১৪তম শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে লিভারপুলের সামনেও রিয়াল। তাদের সামনে রয়েছে সপ্তম শিরোপা জয়ের সুযোগ। রয়েছে চার বছর আগের বদলা নেওয়ার সুযোগ।
প্যারিসে এবার রঙ ছড়াবে কোন দল? লিভারপুল নাকি রিয়াল মাদ্রিদ; জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা!