গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান ৪ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এর মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো আফগানরা।
সিরিজের শেষ ওয়ানডে জয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করলো আফগানিস্তান। সুপার লিগ তালিকায় পয়েন্টের প্রথম সেঞ্চুরি করেছিলো বাংলাদেশ।
.png)
১৮ ম্যাচ শেষে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। আর ১২ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে টেবিলের দ্বিতীয়স্থানে আফগানিস্তান।
হারারেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ে। আফগান বোলারদের তোপে ৪৪ দশমিক ৫ ওভারে ১৩৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৩৮, রায়ান বার্ল ২১ ও রেগিস চাকাভা ১৫ রান করেন। আফগানিস্তানের রশিদ খান ৩টি, মোহাম্মদ নবি-ফজলহক ফারুকী ২টি করে উইকেট নেন।
১৩৬ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে বিপদে পড়ে আফগানিস্তানও। ৩৯ রানে ৩ উইকেট হারায় তারা। ১১৮ রানে ষষ্ঠ উইকেট পতন ঘটে তাদের। তবে শেষ পর্যন্ত ৭৪ বল হাতে রেখে জয়ের স্বাদ পায় আফগানরা। দলের পক্ষে অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৩৮ ও নবি অপরাজিত ৩৪ রান করেন।
ম্যাচ সেরা হন আফগানিস্তানের রশিদ ও সিরিজ সেরা হন রহমত শাহ।
ওয়ানডে শেষে এবার আগামীকাল থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।