দীর্ঘ ৯ বছর পর ন্যু ক্যাম্পে আসছেন মরিনহো
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কতই না স্মৃতি আছে জোসে মরিনহোর! রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন ধরে কাতালান ক্লাবটির মাঠে যাওয়া হয়নি তার। তবে এবার ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। দীর্ঘ ৯ বছর পর ন্যু ক্যাম্পে আসছেন তিনি।
বার্সেলোনার মাঠের সঙ্গে মরিনহোর সম্পর্কটার ‘হাইলাইটস’ হয়ে আছে বিখ্যাত এক দৌড়। যেখানে সবার মানসপটে ভেসে ওঠে হারের বিষাদে নীল কাতালান দলটি। আর তাদের ‘আউট অফ ফোকাসে’ ঝাপসা বানিয়ে ডান হাতের তর্জনি তুলে দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছেন মরিনহো।
ইন্টার মিলানের কোচ থাকাকালীন সেই বিখ্যাত দৌড়ের পর অবশ্য আরও অনেক বার ন্যু ক্যাম্পে এসেছেন মরিনহো। এবার সেই দৃশ্যটা আগামী ৬ আগস্ট আবার ফিরতে পারে ন্যু ক্যাম্পে। যদিও প্রীতি ম্যাচ ‘হোয়ান গাম্পার ট্রফি’, তাও একটা শিরোপা তো!
মরিনহো অবশ্য বার্সার হয়েও ন্যু ক্যাম্পে ছিলেন বহু দিন। ১৯৯৬ সালে কাতালানদের সাবেক কোচ ববি রবসনের দোভাষী হয়ে গিয়েছিলেন সেখানে। পরে লুই ফন গালের সহকারী কোচ হিসেবে ছিলেন ২০০০ সাল পর্যন্ত।
এবার সেই বার্সেলোনাতেই তার ফেরার উপলক্ষ্য তৈরি হয়েছে। হোয়ান গাম্পার ট্রফিতে আগামী ৬ আগস্ট তার দল রোমা মুখোমুখি হবে কাতালানদের।
১৯৬৬ সালে যাত্রা শুরু হোয়ান গাম্পার ট্রফির। এর পর থেকে প্রতি মৌসুমের শুরুতেই আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টটি বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে খেলা হয়। গেল বছর সবশেষ আসরে লিওনেল মেসিকে হারানোর ঠিক পরের ম্যাচে বার্সা মুখোমুখি হয়েছিল জুভেন্টাসের। সেই ম্যাচে দলটি জিতেছিল ৩-০ ব্যবধানে।
রোমার জন্য অবশ্য এই ট্রফি নতুন নয়। ২০১৫ সালে এই টুর্নামেন্টে খেলেছে দলটি। সেই ম্যাচে বার্সা জিতেছিল ৩-০ ব্যবধানে। তবে এবার জোসে মরিনহোর উপস্থিতিতে যে ম্যাচটা বাড়তি ঝাঁজ পাবে, তা বলাই বাহুল্য।