ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগের বড় দলগুলোতে জায়গা নেই মেসির!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ৭ জুলাই ২০২২
প্রিমিয়ার লিগের বড় দলগুলোতে জায়গা নেই মেসির!
লিওনেল মেসি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকতে কাড়ি কাড়ি সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। তবে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পরই তার খেলায় লেগেছে ভাটার টান। এমতাবস্থায় সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ড্যানি মিলস বলেছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিতেও মেসির জায়গা নেই।

সম্প্রতি টকস্পোর্টসে এক আলোচনায় তিনি এই কথা জানিয়েছেন। তবে শুরুতে মেসির ভূয়সী প্রশংসাই করেছেন তিনি। বলেছেন, ‘আমি যা দেখেছি, তাতে মেসিই সেরা ফুটবলার। আমি জানি, ক্রিস্টিয়ানো রোনালদো সংখ্যাগত দিক থেকে এগিয়ে, সে বড় ম্যাচের খেলোয়াড়। কিন্তু শুধু ফুটবলীয় প্রতিভা বিবেচনায় মেসিই সেরা ফুটবলার।’

তবে এরপরও মেসি প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিতেও জায়গা পেতেন না বলে অভিমত মিলসের। তিনি বলেন, ‘আমি মনে করি না প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিও তাকে দলে ভেড়াত। লিভারপুল? না। ম্যানচেস্টার সিটি? না। টটেনহ্যাম? না। আমার মনে হয় না তারা তাকে দলে চাইত।’

Advertisement

তার সঙ্গী গ্যাব্রিয়েল অ্যাবোনলাহর অবশ্য ড্যানি মিলসের এই উক্তিতে দ্বিমত পোষণ করেন। সাবেক অ্যাস্টন ভিলা ফুটবলার বলেন, ‘মেসির এখনো যে মান আছে তাতে তিনি অনায়াসেই শীর্ষ ছয় দলগুলোর শুরুর একাদশে ঢুকে যেতে পারতেন।’

তবে মেসি-ভক্তদের জন্য ভয়ের কিছু নেই। মেসি প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিতে জায়গা পেতেন কি না, বাস্তবে সেই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে না শিগগিরই। কারণ নতুন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়েরের নতুন প্রকল্পে গুরুত্বপূর্ণ অংশই দখল করে রেখেছেন তিনি।

পার্ক দেস প্রিন্সেসে প্রথম মৌসুমটা মোটেও ভালো কাটেনি মেসির। নিজে গোল পাননি, করাতেও পারেননি তেমন, অন্তত তার মানদণ্ডে তো বটেই। এরপর রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল তার দল পিএসজি। সেটা পেছনে ফেলার সুযোগ এই মৌসুমে পাচ্ছেন তিনি।

তবে এই মৌসুমটা মেসির জন্য আরো বেশি গুরুত্ব বহন করছে অন্য কারণে। এই মৌসুমের মাঝেই যে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। যা মেসির ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপও হয়ে যেতে পারে। কখনো বিশ্বকাপ না জেতার আক্ষেপটা এবার ঘোচানোর জোর চেষ্টাটাই যে মেসি করবেন, তা বলাই বাহুল্য।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!