ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হালান্ডের গোলে বায়ার্নকে হারাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ২৪ জুলাই ২০২২
হালান্ডের গোলে বায়ার্নকে হারাল ম্যানসিটি
আর্লিং ব্রাউট হালান্ড

প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। যেখানে আর্লিং ব্রাউট হালান্ডের গোলে বাভারিয়ানদের ১-০ গোলে হারিয়েছে সিইটিজেনরা।

যুক্তরাষ্ট্রে চলমান প্রাক মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বায়ার্নের বিপক্ষে নেমেছিল ম্যানসিটি। উইসকন্সিনের মাঠ ল্যাম্বু ফিল্ডে এই ম্যাচ অবশ্য নিরবিচ্ছিন্নভাবে শেষ হতে পারেনি। বজ্রপাতের কারণে ৫৫ মিনিট বিরতি পড়ে গিয়েছিল ম্যাচে। ফলে কমিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্যও। দুই অর্ধে খেলা হয় ৪০ মিনিট করে।

এই ম্যাচে হালান্ড নামেন প্রথম বারের মতো। নেমেই বুঝিয়ে দেন, বিশাল অর্থ খরচ করে তাকে দলে ভিড়িয়ে ভুল করেনি সিটি। ম্যাচের ১২ মিনিটে গোল করেন তিনি। এর আগে পরেও সরব উপস্থিতি ছিল তার।

Advertisement

ম্যাচের ১২ মিনিটে বক্সের বাম পাশ থেকে আক্রমণে ঢুকে পড়েন জ্যাক গ্রিলিশ। তার নিচু ক্রসে গোলমুখ থেকে স্লাইড করে গোলটি করেন হালান্ড। সিটি এগিয়ে যায় বায়ার্নের বিপক্ষে।

সেই গোলের উদযাপনটা শেষও করতে পারেনি সিটি, তার একটু পরেই শুরু বজ্রপাত। এরপর খেলা বন্ধ থাকে ৫৫ মিনিটের মতো। তা শেষে খেলা শুরুর আগে জানিয়ে দেওয়া হয়, দুই অর্ধে ৪০ মিনিট করে চলবে খেলা।

বজ্রপাতের পর আবার খেলা শুরু হয়। এরপরও ল্যাম্বু ফিল্ডের দর্শকরা দেখেছেন সিটির আধিপত্যই। হালান্ড গোল পেয়ে যেতে পারতেন একটু পরেই। তবে শেষ মুহূর্তে বায়ার্নের রক্ষণ ফিরিয়ে দেয় সে আক্রমণ। ফলে গোল ব্যবধান দ্বিগুণ করতে পারেনি দলটি।

বায়ার্ন মিউনিখও সুযোগ তৈরি করেছে এরপর। যদিও সমতাসূচক গোলের দেখা পায়নি দলটি। তবে আগেই নেয়া সিদ্ধান্ত অনুসারে যখন ৮০ মিনিটে খেলা বন্ধ হয়, তখন দর্শকদের দুয়োয় স্টেডিয়ামে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়। 

ইংলিশ ও জার্মান চ্যাম্পিয়নদের প্রাক মৌসুম শেষ এখানেই। এবার মূল লড়াইয়ের পালা। দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচে নামবে নিজ নিজ দেশের সুপার কাপে। এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচে আগামী ৩০ জুলাই সিটির প্রতিপক্ষ লিভারপুল। আর তার পরের দিন বায়ার্ন ডিএফবি পোকালের ফাইনালে মুখোমুখি হবে আরবি লাইপজিগের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!