ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রত্যাখ্যানের পালা শেষে অনুশীলনে ফিরলেন ‘নাটকবাজ’ রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ২৯ জুলাই ২০২২
প্রত্যাখ্যানের পালা শেষে অনুশীলনে ফিরলেন ‘নাটকবাজ’ রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

বিভিন্ন ক্লাবের কাছে নিজেকে দলে নেয়ার অনুরোধ ও একেরপর এক প্রত্যাখ্যানের পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের দলীয় অনুশীলনে ফিরেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এক মৌসুম আগে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, তখন ক্রিস্টিয়ানো রোনালদো দম্ভ ভরে বলেছিলেন, আমি এখানে ষষ্ঠ বা সপ্তম হতে আসিনি। এখানে এসেছি শিরোপা জিততে। অথচ মৌসুমে কোনো শিরোপা না জেতার পর থেকেই নিজের বলা কথা ভুলে দল ছাড়তে মরিয়া হয়ে পড়েন তিনি।

এ জন্য ট্রান্সফার মৌসুমের প্রায় পুরোটা জুড়েই একেরপর এক ক্লাবের কাছে নিজেকে উপস্থাপন করেছেন রোনালদো। এদিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটিতে থাকা সিআর সেভেন ইউনাইটেডকেও রেখেছিলেন ধোঁয়াশায়।

Advertisement

নতুন মৌসুমের আগে রোনালদোর অনুশীলনে যোগ দেওয়া নিয়ে নাটক কম হয়নি। এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম ক্যাম্প এবং সফরে অংশ নেননি। তিনি কবে অনুশীলনে ফিরতে পারেন বা আদৌ ফিরবেন কিনা সেটা এতদিন খোদ দলটির কোচ এরিক টেন হাগও বলতে পারেননি নিশ্চিত করে।

তবে সব নাটকের অবসান ঘটিয়ে অবশেষে রাস্তা না পেয়ে অনুশীলনে ফিরেছেন রোনালদো। ব্রিটিশ ট্যাবলয়েড সান জানিয়েছে, শুক্রবার সকালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন গ্রাউন্ডে গিয়েছেন তিনি। সেখানে দলের অন্যদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, অনুশীলনে যোগ দিলেও রোনালদোর দলবদল নিয়ে জল্পনা এখনই শেষ হচ্ছে না। ইউরোপের অনেক শীর্ষ ক্লাব তার প্রতি অনাগ্রহ প্রকাশ করলেও চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য এখনো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া তিনি।

বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস তাই তার জন্য হন্যে হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব খুঁজছেন। সেজন্য রোনালদোর শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের সঙ্গেও আলোচনা শুরু করেছেন তিনি।

দলবদলের মৌসুমের শুরুর দিকে এখনই স্পোর্টিংয়ে প্রত্যাবর্তনের ব্যাপারে রোনালদোর অনিচ্ছার কথা শোনা গিয়েছিল। তবে মুখের ওপর সব দরজা বন্ধ হয়ে আসায় এখন স্পোর্টিংয়ে ফিরতে অমত নেই তার। ফলে ‘নাটকবাজ’ রোনালদোর নাটকের শেষ যে হয়নি, এটুকু এখনো বলাই যায়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!