ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ ১২ মিনিটের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ৩০ জুলাই ২০২২
শেষ ১২ মিনিটের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলমান কোপা আমেরিকা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। তবুও প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণই ছিল। কারণ প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচ জিতলেই যে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হতো।

এমন ম্যাচেই কি না ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা! যদিও শেষ ১২ মিনিটে ৩ গোল করে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে আকাশী-সাদারা। প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নারী দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে আজ শনিবার সকালে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচজুড়েই বলের দখল, প্রতিপক্ষ গোলমুখে শট, সব দিক থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবু প্রথমার্ধ শেষে পিছিয়ে পড়ে তারা। ৩৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ।

Advertisement

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আলবিসেলেস্তেদের সব চেষ্টাই বিফলে গেছে। আর তাতে শঙ্কাটাও পাল্লা দিয়ে বাড়ছিল দলটির।

তবে ৭৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলের পরই বদলে যায় দৃশ্যপট। আর্জেন্টিনা ফেরে সমতায়। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আকাশী-সাদারা।

পরের মিনিটে আর্জেন্টিনা ম্যাচটা প্যারাগুয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। ইয়ামিলা পান দ্বিতীয় গোলের দেখা। ৩-১ গোলে জিতে তৃতীয় স্থান তো বটেই, আর্জেন্টিনা নিশ্চিত করে বিশ্বকাপে খেলাও। আর প্যারাগুয়ে টুর্নামেন্ট শেষ করে ৪ নম্বরে থেকে।

এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের ফলে কোপা আমেরিকা জেতার স্বপ্ন অধরাই রয়ে যায় দলটির। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল প্যারাগুয়েকে হারায় ২-০ গোলে। তাতে নিজেদের ৮ম শিরোপার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপে গিয়ে গেছে সেলেসাওরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!