লেভানদোভস্কির অভাব শুধু বায়ার্ন নয়, বুন্দেসলিগাও বুঝবে
চলতি মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। অনেকটা জোর করেই ক্লাব ছেড়েছেন এই পলিশ তারকা। তার অভাবটা শুধু বায়ার্ন মিউনিখ নয়, বুন্দেসলিগাও বুঝবে বলে জানিয়েছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন ম্যাথিউস। সেখানেই লেভানদোভস্কিকে হারানো প্রসঙ্গে তিনি বলেন, শুধু বায়ার্নের কথা বলছেন কেন? লেভানদোভস্কির অভাব বায়ার্ন ও বুন্দেসলিগা- সবাই টের পাবে।
এরপর তিনি বলেন, গত আট-নয় বছরে ও জার্মান ফুটবলের সেরা গোলস্কোরার ছিল। রেকর্ড করেছে, ম্যাচ জিতিয়েছে, ট্রফি দিয়েছে। বায়ার্ন ছেড়ে বার্সেলোনা চলে যাওয়া ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা সবার সম্মান করা উচিত।
.png)
লেভানদোভস্কির বায়ার্ন ছাড়্র কারণ জানিয়ে ম্যাথিউস বলেন, ও নতুন চ্যালেঞ্জ খুঁজছিল। নিজেকে নতুন ভাবে উদ্দীপিত করতে চাইছিল। এতদিন জার্মান ফুটবলের সঙ্গে যুক্ত ছিল। এবার স্প্যানিশ ফুটবলের স্বাদ নিতে বার্সেলোনায় গেল।
বায়ার্ন এই ধাক্কা কতটা সামলাতে পারবে এই প্রশ্নের জবাবে ম্যাথিউস বলেন, বায়ার্ন কিন্তু খুব দ্রুত কাজে নেমে পড়েছে। ওরাও বেশ কয়েকজন ভাল ফুটবলারকে তুলে এনেছে। মানছি লেভানদোভস্কি যে জায়গায় খেলত, তারা সেই জায়গার ফুটবলার নয়।
এরপর তিনি বলেন, কোচ জুলিয়ান নাগেলসমানকে এবার মনে হচ্ছে একটু অন্য ছকে খেলতে হবে। এটুকু বলব, বায়ার্ন হল বায়ার্ন। এই ক্লাবে ভাল ফুটবলার খেলেছে, ভাল ফুটবলার চলে গিয়েছে, আবার ভাল ফুটবলার এসেছে। কাজেই সমস্যা হবে না।