বায়ার্নের জন্য আদর্শ ফুটবলার নন রোনালদো
দলবদলের এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে সর্বোচ্চ চেষ্টা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পারেননি। বায়ার্ন মিউনিখের কাছে বারবার অনুরোধ করেও হয়েছেন প্রত্যাখ্যাত। এমতাবস্থায় জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস বলেছেন, বায়ার্নের জন্য আদর্শ ফুটবলার নন রোনালদো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, রোনালদো দুর্দান্ত ফুটবলার। কিন্তু ও বায়ার্ন মিউনিখের জন্য আদর্শ ফুটবলার নয়। বায়ার্নের একটা নিজস্ব ধারণা আছে, নিজস্ব ঘরানার একটা ফুটবল খেলে। রোনালদো যে জায়গায় খেলে, সে জায়গায় বায়ার্নে যথেষ্ট ভাল ফুটবলার আছে।
এরপর তিনি বলেন, আমি জানি না, রোনালদোর কী পরিকল্পনা। তবে এটা বলতে পারি, ও বায়ার্নে আসছে না। রোনালদোর মতো মহাতারকার বায়ার্নের প্রয়োজন নেই। আমাদের নিজস্ব মহাতারকা আছে। যেমন আগে লেভানদোভস্কি ছিল। এখন সাদিও মানে আছে। আর একটা ব্যাপারও রোনালদোর বিপক্ষে গেছে।
.png)
রোনালদোর বিপক্ষে কি গেছে এই প্রশ্নের উত্তরে ম্যাথিউস বলেন, রোনালদোর বয়স। বায়ার্ন মোটা অর্থ ফুটবলারদের পিছনে খরচ করে ঠিকই, কিন্তু ৩৬-৩৭ বছর বয়সী এক জন ফুটবলারের পিছনে এত টাকা ক্লাব খরচ করবে না। কোনও সন্দেহ নেই, রোনালদো দারুণ ফুটবলার ছিল। এখনও আছে।
তিনি যোগ করেন, রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। ওকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু বায়ার্নের জন্য আদর্শ নয়। বায়ার্ন ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গড়তে ভালবাসে। বায়ার্নের ডি লিখট, গ্রাফেনবার্খ আছে। দু’জন তরুণ প্রতিভা যারা গত দু’তিন বছর খুব ভাল খেলছে। রোনালদোকে প্রয়োজন নেই বায়ার্নের।