ইসরাইলের তেল আবিবে রোববার রাতে ফরাসি সুপার কাপে নঁতেকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হারায় পিএসজি। প্যারিসিয়ানদের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। একটি করে গোল করেন লিওনেল মেসি ও সার্জিও রামোস।
পুরো ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। ম্যাচের ২২তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে তার বাড়ানো থ্রু পাস মাঝপথে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার নিকোলা পালোয়া। তার পা ছুঁয়ে বল যায় মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে দারুণ এক ঝটকায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
.png)
প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবার ঘেঁষে জালে জড়ায় বল।
৫৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন রামোস। বাঁ দিক থেকে গোলে শট নেন পাবলো সারাবিয়া, ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান গোলরক্ষক। দূরের পোস্টে ফাঁকায় ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, ঠাণ্ডা মাথায় ব্যাকহিলে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান তিনি।
আর ৮২তম মিনিটে সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত করেন নেইমার। তিনি নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি।