কোপা আমেরিকা ফেমিনিনায় গেল রোববার রেকর্ড অষ্টম বারের মতো শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ আমেরিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেলেসাওরা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। প্রথমার্ধে দেবিনহার নেয়া পেনাল্টি থেকে গোল পায় ব্রাজিল, যা গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এতে টানা চতুর্থবারের মতো শিরোপার স্বাদ পায় দলটি।
সেই রাতেই ইউরোপের বুকে হয়ে গেছে নারী ইউরোর ফাইনাল। সেই ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৬২ মিনিটে এলা টুনের গোলে এগিয়ে যায় ইংলিশরা। এরপর ৭৯ মিনিটে লিনা মাগুলের গোলে সমতা ফেরায় জার্মানরা।
.png)
ম্যাচের ১১০ মিনিটে জার্মানদের হৃদয় ভেঙে ইংল্যান্ডকে শিরোপা জেতানো গোল করেন ক্লোয়ি কেলি। এই জয়ের ফলে ১৯৬৬ সালের পর পুরুষ-নারী মিলিয়ে প্রথম বড় কোনো শিরোপা ঘরে তোলে ইংলিশরা। আর নারী ফুটবলে এটাই ইংল্যান্ডের জেতা বড় কোনো শিরোপা।
এই জয়ের পরই ঠিক হয়ে গেছে নারী ফাইনালিজিমার দুই দল। যেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। পুরুষদের ফাইনালিজিমাতেই মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল দুই দলের। গেল বছর কোপা আর ইউরোর ফাইনালে যে বিজিত দলের নাম দুটো ছিল ব্রাজিল আর ইংল্যান্ড! তাদের হারিয়েই আর্জেন্টিনা-ইতালি জিতেছিল যথাক্রমে কোপা আর ইউরোর শিরোপা।
ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, নারী ফাইনালিজিমার এই ম্যাচটা হবে ইউরোপের মাটিতে, পুরুষদের ফাইনালিজিমার মতোই। যদিও উয়েফা এই ম্যাচের দিনক্ষণ কিংবা ভেন্যু এখনো জানায়নি। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের সঙ্গে আলোচনা করে এরপরই সময় আর ভেন্যুর ঘোষণা দেবে উয়েফা।
এর আগে পুরুষদের ফাইনালিজিমার লড়াইয়ে লিওনেল মেসির নৈপুণ্যে আর্জেন্টিনা ৩-০ গোলে ইতালিকে হারায়। ইউরোপের ওপর দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগটা এবার ব্রাজিলের সামনে।