ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাসায় ফিরলেন ব্রাজিলীয় কিংবদন্তী জাগালো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩, ৯ আগস্ট ২০২২
বাসায় ফিরলেন ব্রাজিলীয় কিংবদন্তী জাগালো
ব্রাজিলের ‘আইকনিক’ ফুটবল ব্যক্তিত্ব মারিও জাগালো

দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের ‘আইকনিক’ ফুটবল ব্যক্তিত্ব মারিও জাগালো। হাসপাতালের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জাগালো হচ্ছেন ব্রাজিলের একমাত্র ফুটবল ব্যক্তিত্ব যিনি খেলোয়াড় এবং কোচ উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা। গত ২৬ জুলাই রিও ডি জেনিরিওর একটি হাসপাতালে ভর্তি হয়ে নিবিড় পরিচর্যায় ছিলেন জাগালো। হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ায় আগামী বুধবার নিজ বাসভবনেই ৯১তম জন্মদিন উদযাপন করতে পারবেন ব্রাজিলের এ ফুটবল লিজেন্ড।

ব্রাজিলীয় ফুটবলে ‘বুড়ো নেকড়ে’ নামে পরিচিত জাগালো এই বয়সেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। রয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি ফলোয়ার। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কয়েকদিন কঠিন সময় পার করার পর আমি ১১৩ শতাংশ ভালো আছি।’

Advertisement

নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এখন আপনাদের ফের আমাকে সহ্য করতে হবে।’

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সঙ্গে খেলে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন স্ট্রাইকার জাগালো। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দেন। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলটিতে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আবারো ১৯৯৮ সালে কোচের দায়িত্ব পান। ঐ আসরে ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল ব্রাজিল।

খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালো ছাড়াও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশমের (১৯৯৮ ও ২০১৮)।

জর্জিনহো, তোস্তাও, জারসন, রিভেলিনোদের নিয়ে গড়া দলটি জাগালোর অধীনে ১৯৭০’র বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছিল। বর্তমানে ৮১ বছর বয়সী ব্রাজিলীয় আরেক কিংবদন্তী পেলেও ছিলেন ঐ দলটিতে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!