বিজয়ের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ানো টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ না হওয়া। এমন ম্যাচে শুরুতেই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবালের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে তিন উইকেটে ১১১ রান।
জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ কেমন, তা হয়তো ভুলেই গিয়েছিল বাংলাদেশ। তবে দীর্ঘ ২১ বছর পর এরকম লজ্জাজনক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে টাইগাররা। এমন ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দুজনই করেন সাবধানী শুরু। প্রথম ৮ ওভার তারা কাটিয়ে দেন কোনো বিপদ ছাড়াই। তবে নবম ওভারে বাধে বিপত্তি।
এনগারাভার করা ওভারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন তামিম। এর আগে ৩০ বলের মোকাবেলায় টাইগার অধিনায়ক করেন ১৯ রান। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম যেন দলের বিপদ বাড়ানোর দায়িত্ব নিয়েই মাঠে নামেন।
শান্ত ও মুশফিক দুজনই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। শান্ত প্রথম বলেই সহজ ক্যাচ তুলে দেন, মুশফিক টিকে ছিলেন তিন বল। দুজনকেই আউট করেন ক্রিস ইভান্স।
এমতাবস্থায় দলের হয়ে লড়াই করছেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মাঝে বিজয় পেয়েছেন অর্ধশতকের দেখা। তিনি ৭৩ ও রিয়াদ ১৩ রানে ব্যাট করছেন।